সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ডেইলি সিলেট ডেস্ক ::

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জয়ের পর দেশে ফিরেছে স্পেন ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস এয়ারপোর্টে পা রাখে বিশ্বচ্যাম্পিয়নরা।

বিমান থেকে বের হয়ে ট্রফি উঁচিয়ে ধরেন অধিনায়ক রদ্রি। তার দুপাশে স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে ও রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লুয়ান।

এদিকে মাদ্রিদের মেয়র হোসে লুইস মার্তিনেজ-আলমেইদা জানিয়েছেন, বিশ্বকাপজয়ী দলকে অভ্যর্থনা জানাবেন রাজা ষষ্ঠ ফেলিপে। এরপর খোলা ছাদের বাসে বিজয় প্যারেডে অংশ নেবেন খেলোয়াড়রা। মনক্লোয়া থেকে শুরু হয়ে প্যারেডটি শেষ হবে মাদ্রিদের কেন্দ্রস্থল সিবেলেস স্কয়ারে। সেখানেই আয়োজন করা হবে বিজয় উদযাপনের বিশেষ অনুষ্ঠান। স্পেনের জাতীয় দল ও সমর্থকদের জন্য ঐতিহ্যবাহী এই চত্বরে লাখো মানুষের সমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এদিকে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জিতে ফেরা দলকে বরণ করে নিতে মাদ্রিদে প্রায় ১০ লাখ সমর্থক জড়ো হওয়ার কথা রয়েছে। বিপুল জনসমাগম সামাল দিতে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে বলেও জানিয়েছেন মাদ্রিদের মেয়র আলমেইদা। ২ হাজার ৫০ জন পুলিশ সদস্য ও ৪০০ জন সিভিল গার্ড সদস্য প্যারেডের নিরাপত্তায় মোতায়েন থাকবেন বলেও জানান তিনি।
মেয়র বলেন, এরই মধ্যে বিশ্বকাপ জয়ের আনন্দে মাদ্রিদের রাস্তায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। রাতভর উদযাপনের পর সোমবার সকালে শহরের প্রধান সড়কগুলোতে দেখা গেছে উৎসবের নানা চিহ্ন।

রোববার নিউজার্সিতে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জেতে স্পেন। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে নিশ্চিত হয় স্প্যানিশদের জয়। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ জয়ের পর এটি স্পেনের দ্বিতীয় শিরোপা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: