![]()


সুনামগঞ্জ সংবাদদাতা ::
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) স্থায়ী ক্যাম্পাস জেলা সদরে স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) দুপুর ২টায় সুনামগঞ্জ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ‘সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস জেলা সদরে বাস্তবায়ন আন্দোলন’ এর ব্যানারে আয়োজিত হয় এই সংবাদ সম্মেলন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আন্দোলন কমিটির সদস্য সচিব মোনাজ্জির হোসেন সুজন। তিনি বলেন, “সাবেক পরিকল্পনা মন্ত্রীর বাড়িতে অস্থায়ী ছাত্রীনিবাস চালু করা হয়েছে, যা একেবারেই নিরাপদ নয়। সেখানে ছাত্রীদের নিরাপত্তাহীনতায় থাকতে হচ্ছে। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। দ্রুত এই ছাত্রীনিবাস জেলা সদরে স্থানান্তর করতে হবে।”
তিনি আরও অভিযোগ করেন, “বিশ্ববিদ্যালয়ের ভিসি (ভাইস চ্যান্সেলর) মেধাবী ও নিরপেক্ষ ব্যক্তিদের দিয়ে সিন্ডিকেট গঠনের কথা বলা হলেও, তিনি তার অনুগত লোকদের দিয়ে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছেন। ভিসি ফ্যাসিস্টদের পরামর্শে চলছেন এবং তিনি জেলাবাসীর যৌক্তিক দাবির বিরোধিতা করছেন।” এ সময় তিনি ভিসির অপসারণেরও দাবি জানান।
সংবাদ সম্মেলনে কমিটির আহবায়ক অ্যাডভোকেট হুমায়ুন মঞ্জুর চৌধুরী বলেন, “আমরা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস জেলা সদরে নির্মাণের দাবি জানিয়েছি এবং এর জন্য তিনটি উপযুক্ত জায়গার প্রস্তাব দিয়েছি। এসব জায়গা খাস জমি হওয়ায় সরকারের অধিক খরচ হবে না।”
আন্দোলন কমিটির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট শামস উদ্দিন বলেন, “২০২০ সালে সুবিপ্রবির গেজেট প্রকাশিত হলেও সেখানে কোথাও স্থায়ী ক্যাম্পাস কোথায় হবে তা উল্লেখ নেই। আমরা যৌক্তিক দাবিতে আন্দোলনে নেমেছি। এ জন্য বিচারপতি, আইনজীবী, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থীসহ সবাইকে নিয়ে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। দাবি আদায় না হলে রাজপথে কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে।”
এদিকে, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. অধ্যাপক নিজাম উদ্দিন সাংবাদিকদের বলেন, “সিন্ডিকেট কমিটি আমি নিজে করি না। মন্ত্রণালয় থেকে বিভিন্ন সংস্থার প্রতিনিধি মনোনয়ন দিয়ে থাকেন। এটাই নিয়ম।”
সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মেহেদী হাসান সাকিব।