![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
অস্ট্রেলিয়ায় আগামী সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে। দেশটির ফতোয়া পরিষদ শনিবার (২৯ মার্চ) এ ঘোষণা দিয়েছে।
অস্ট্রেলিয়া ফতোয়া কাউন্সিল এক বিবৃতিতে জানায়, স্থানীয় ও বৈশ্বিক পর্যবেক্ষকদের সঙ্গে আলোচনার পর তারা নিশ্চিত করেছে যে, সিডনিতে ২৯ মার্চ সূর্যাস্তের পর স্থানীয় সময় রাত ৯টা ৫৭ মিনিটে এবং পার্থে সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটে শাওয়ালের নতুন চাঁদের জন্ম হবে। যেহেতু চাঁদের জন্ম সূর্যাস্তের পর হবে, তাই পরদিন শাওয়াল মাস শুরু হওয়ার সম্ভাবনা নেই। ফলে, রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ৩০ মার্চ হবে ১৪৪৬ হিজরি সনের রমজানের শেষ দিন। শাওয়ালের প্রথম দিন ও ঈদুল ফিতর উদযাপিত হবে ৩১ মার্চ, সোমবার।
ভৌগলিক অবস্থানের কারণে বিশ্বে সবার আগে ঈদের ঘোষণা দিয়ে থাকে অস্ট্রেলিয়া। এ বছরও তারা প্রথম রমজানের শুরুর ঘোষণা দিয়েছিল।
এদিকে, অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহামেদ মুসলিম সম্প্রদায়ের প্রতি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সকলকে ঈদের আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি গাজা ও ফিলিস্তিনের বিপর্যস্ত জনগণের জন্য প্রার্থনা, দান ও সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।