![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
গাজীপুরের কালিয়াকৈ অজ্ঞাতনামা এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাত পৌনে আটটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় তাকে হত্যা করা হয়।
নিহত তরুণের পরিচয় পাওয়া যায়নি। তার আনুমানিক বয়স ২৫ বছর। নিহত তরুণের পরনে কালো প্যান্ট, সাদা গেঞ্জি, কালো শার্ট ও কালো সোয়েটার ছিল। তার মুখে দাড়ি আছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪-৫ জনের একদল দুর্বৃত্ত ওই যুবককে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে জখম করে। একপর্যায়ে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, নিহতের পরিচয় পাওয়া যায়নি। কে বা কারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।