![]()


বিয়ানীবাজার সংবাদদাতা :
বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় মিলন বিবি (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দুবাগ এলাকার উত্তর দুবাগ গ্রামের শফিকুর রহমানের স্ত্রী ।
বুধবার দুপুরে সিলেট-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কের দুবাগ ইউনিয়নের মেওয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় কারে থাকা চালক ও একজন যাত্রী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বিয়ানীবাজার থেকে সিলেটগামী একটি কার মেওয়া জামিয়া ক্বাসিমুল মাদ্রাসার সামনে পথচারি মহিলাকে ধাক্কা দিলে মহিলা পানিতে গিয়ে পড়েন এবং সেখান থেকে তাকে মৃত উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা কারের চালককে আটক করেন। দুর্ঘটনায় গাছের সাথে ধাক্কা খেয়ে কারটি দুমড়ে মুচড়ে যায়।
এসময় কারে থাকা কার চালক ও এক যাত্রী আহত হয়েছেন। আহতদের বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। তারা হচ্ছেন, উপজেলার মুড়িয়া ইউনিয়নের আভঙ্গি এলাকার ছমির উদ্দিনের পুত্র ইমরুল হোসেন (৩৫) এবং একই ইউনিয়নের কাজপুর এলাকার মঈন উদ্দিনের পুত্র আব্দুর রহমান (২৮)।
খবর পেয়ে এসআই নিয়াজ মোর্শেদ আবিরের নেতৃত্বে বিয়ানীবাজার থানার একটি পুলিশ দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেটে প্রেরণ করেন।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় দুর্ঘটনায় নিহতের কথা নিশ্চিত করেছেন।