![]()


সিলেট প্রতিনিধি ::
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ১ হাজার ৫৭৫ কেজি ভারতীয় চা-পাতাসহ একটি নম্বরবিহীন ডিআই পিকআপ জব্দ করা হয়েছে। জব্দ করা চা-পাতার আনুমানিক মূল্য ৩ লাখ ১৫ হাজার টাকা।
পুলিশ জানায়, বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এয়ারপোর্ট থানাধীন সাহেববাজার স্কুল অ্যান্ড কলেজের সামনে চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন এসআই (নিরস্ত্র) বিধান দেবসহ পুলিশের একটি দল। এ সময় একটি নম্বরবিহীন ডিআই পিকআপ পুলিশের সংকেত অমান্য করে বেপরোয়া গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
পুলিশ পিকআপটিকে পেছন থেকে ধাওয়া করলে চালক ও তার সঙ্গে থাকা ব্যক্তিরা সাহেবের বাজার এলাকার ফতেগড় সাকিনে ডাক্তার লিয়াকত আলীর বাসার সামনে সাহেবের বাজার থেকে ধোপাগুলগামী পাকা সড়কের ওপর গাড়িটি রেখে পালিয়ে যায়।
পরে পুলিশ পরিত্যক্ত পিকআপটিতে তল্লাশি চালিয়ে ১ হাজার ৫৭৫ কেজি ভারতীয় চা-পাতা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৩ লাখ ১৫ হাজার টাকা।
এ ঘটনায় এয়ারপোর্ট থানায় বিশেষ ক্ষমতা আইনের ১৯৭৪-এর ২৫(বি)(১)(বি)/২৫(ডি) ধারায় মামলা করা হয়েছে। মামলাটি ২ সেপ্টেম্বর দায়ের করা হয়।
পুলিশ জানিয়েছে, পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।