সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

‘এখন উদযাপনের সময় নেই, সামনে দেশ গঠনের চ্যালেঞ্জ’

সিলেট প্রতিনিধি:

‘এখন উদযাপনের সময় নেই, সামনে দেশ গঠনের বড় চ্যালেঞ্জ রয়েছে’—মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণ, বিদ্যুৎ ও জ্বালানি সংকটসহ লজিস্টিক সমস্যা দূর করা এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গতি সঞ্চার করাই সরকারের প্রধান লক্ষ্য।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে সিলেট মহানগর বিএনপির নতুন কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জেলা পর্যায়ে মন্ত্রী-এমপিদের উন্নয়ন ও আইনশৃঙ্খলা সমন্বয়ের দায়িত্ব দেওয়া নিয়ে সমন্বয়হীনতার আশঙ্কা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে খন্দকার মুক্তাদির বলেন, এতে সমন্বয়হীনতা হবে না। বরং দলীয় সাংগঠনিক অবস্থানকে নতুন দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা এবং দলীয় শক্তির বিন্যাসে এটি নতুন উদ্যম সৃষ্টি করবে।

সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে ৬৪ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ এবং সরকারের কার্যক্রম তদারকি ও সমন্বয়ের জন্য ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপকে দায়িত্ব দেওয়া হয়েছে।

আমদানি কমিয়ে রপ্তানি বাড়ানোর চ্যালেঞ্জ

দেশের আমদানি-রপ্তানি পরিস্থিতি নিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যে আমদানি বেশি এবং রপ্তানি কম। শিল্প উৎপাদনের প্রয়োজনীয় অনেক কাঁচামাল দেশে উৎপাদিত না হওয়ায় আমদানির ওপর নির্ভর করতে হয়।

তিনি জানান, প্রতিবছর বাংলাদেশকে প্রায় ৬০ থেকে ৭০ লাখ টন গম আমদানি করতে হয়। তবে চাল উৎপাদনে দেশ স্বয়ংসম্পূর্ণ।

মন্ত্রী বলেন, শুধু আমদানি কমিয়ে রপ্তানি বাড়ানো সহজ নয়। বাণিজ্যের পরিমাণ বাড়ানোর পাশাপাশি নতুন বিনিয়োগ আনা, রপ্তানির নতুন খাত চিহ্নিত করা এবং সম্ভাবনাময় খাতগুলো সম্প্রসারণে গুরুত্ব দিতে হবে। সরকার এসব বিষয়ে কাজ করছে এবং এর ফলাফল সামনে দৃশ্যমান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, মানুষের প্রত্যাশা পূরণ করে দেশের অর্থনৈতিক উন্নয়ন করাই সরকারের লক্ষ্য। এ জন্য বিদ্যুৎ ও জ্বালানি সংকটসহ বিভিন্ন লজিস্টিক সমস্যা দূর করে দেশি-বিদেশি বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। পাশাপাশি শিল্প, বাণিজ্য ও অর্থনীতির বিভিন্ন খাত শক্তিশালী করার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এ সময় সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে নানা কর্মসূচি

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে দলটি দেশব্যাপী পাঁচ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে।

সিলেট জেলা বিএনপির উদ্যোগে মঙ্গলবার বিকেল ৪টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমপির উপস্থিত থাকার কথা রয়েছে। প্রধান বক্তা হিসেবে থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি।

এছাড়া কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেবেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

আলোচনা সভায় জেলা বিএনপি, বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে আগামী ২ থেকে ৫ সেপ্টেম্বর জেলার বিভিন্ন উপজেলা, পৌর ও ইউনিট পর্যায়ে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

দীর্ঘদিন পর মহানগর বিএনপির নতুন কার্যালয়

এদিকে দীর্ঘদিন পর সিলেট মহানগর বিএনপি নতুন একটি কার্যালয় পেয়েছে। নগরীর কাজিরবাজার এলাকায় বাণিজ্যমন্ত্রীর বাসভবনে এ কার্যালয় স্থাপন করা হয়েছে।

ইতোমধ্যে কার্যালয়টির প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর দিন মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম উদ্বোধন করা হয়।

দলীয় নেতারা আশা করছেন, নতুন কার্যালয় চালুর ফলে সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং নেতা-কর্মীদের মধ্যে সমন্বয় বাড়বে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: