সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

শিগগিরই নতুন শ্রমবাজার খুলবে, কারিগরি শিক্ষায় গুরুত্ব দিতে হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

স্টাফ রিপোর্টার ::

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, শিগগিরই বেশ কয়েকটি দেশে বাংলাদেশের জন্য নতুন শ্রমবাজার উন্মুক্ত হবে। তাই আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে তরুণদের কারিগরি শিক্ষায় গুরুত্ব দিতে হবে এবং দক্ষ জনশক্তি হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।

বুধবার (১ জুলাই) বিকেলে সিলেট জেলা প্রেসক্লাব আয়োজিত ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রবাসীদের কল্যাণে বিমানবন্দরে চিকিৎসাসেবা চালু করা হয়েছে। জরুরি স্বাস্থ্যসেবার জন্য ভিভিআইপি লাউঞ্জের পাশে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া প্রবাস থেকে কোনো মরদেহ দেশে এলে তা পরিবহনের জন্য একটি ফ্রিজার ভ্যান প্রস্তুত রাখা হয়েছে এবং দ্রুত চিকিৎসা পরিবহনের জন্য একটি অ্যাম্বুলেন্স সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, রেমিট্যান্স যোদ্ধাদের সম্মান জানাতে বিমানবন্দরে একটি বিশেষ লাউঞ্জ নির্মাণ করা হচ্ছে, যা আগামী এক মাসের মধ্যে চালু হবে। সেখানে প্রায় ৪০ জন যাত্রী ও তাদের শিশুদের বসার ব্যবস্থা থাকবে। এছাড়া একটি আধুনিক ওয়্যারহাউসের কাজও শেষ হয়েছে।

আরিফুল হক চৌধুরী বলেন, কোম্পানীগঞ্জ, সালুটিকর, গোয়াইনঘাট ও হাদারপার এলাকায় পাঁচটি বড় সেতুর নির্মাণকাজ চলছে। একই সঙ্গে গোয়াইনঘাট পর্যন্ত রেলপথ সম্প্রসারণের বিষয়ে রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কের জমি অধিগ্রহণের কাজ দ্রুত শেষ করতে অতিরিক্ত সার্ভেয়ার নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের কাজ দ্রুত শুরু এবং সিলেটে আধুনিক হাসপাতাল নির্মাণ ও পর্যটন খাতের উন্নয়নেও সরকার কাজ করছে।

দেশীয় ফলের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, দেশীয় মৌসুমি ফল শুধু পুষ্টির চাহিদা পূরণ করে না, জনস্বাস্থ্য সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশীয় ফলের উৎপাদন, সংরক্ষণ ও বিপণনে প্রশিক্ষণের ব্যবস্থা এবং বেশি করে ফলের গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, গণমাধ্যম শুধু সংবাদ পরিবেশনের মাধ্যম নয়, সমাজ পরিবর্তন, জনসচেতনতা সৃষ্টি ও উন্নয়নের অন্যতম শক্তিশালী হাতিয়ার। দায়িত্বশীল সাংবাদিকতা রাষ্ট্র ও সমাজে ইতিবাচক পরিবর্তনের পথ তৈরি করে। তিনি সিলেটকে পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের সহযোগিতা, পরামর্শ ও গঠনমূলক সমালোচনা কামনা করেন।

সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা, প্রেসক্লাবের সাবেক সভাপতি আল আজাদ ও তাপস দাশ পুরকায়স্থসহ সাংবাদিক, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: