সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
সোমবার, ২২ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

অ্যালিয়ঁস ফ্রঁসেজে শুরু হচ্ছে ‘বেস্ট শো এভারেস্ট’ প্রদর্শনী

ডেইলি সিলেট ডেস্ক ::

ঢাকাভিত্তিক স্বাধীন অ্যানিমেশন কালেক্টিভ দ্য সেকেন্ড স্টুডিও-এর ব্যতিক্রমধর্মী প্রদর্শনী “দ্য সেকেন্ড স্টুডিও ফিচারিং বেস্ট শো এভারেস্ট” আয়োজন করেছে অ্যালিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা। ২৫ থেকে ২৭ জুন ২০২৬ পর্যন্ত লা গ্যালারিতে অনুষ্ঠিতব্য এই প্রদর্শনীতে বাংলাদেশের স্বাধীন অ্যানিমেশন নির্মাণের সৃজনশীল প্রক্রিয়া এবং এর নেপথ্যের নানা দিক দর্শকদের সামনে তুলে ধরা হবে।

জুনাইদ ইকবাল ইশমাম, ঐশিক জাওয়াদ এবং রাকিব রাজ্জাক প্রতিষ্ঠিত দ্য সেকেন্ড স্টুডিও অ্যানিমেশন, কমিকস, ভিডিও গেম ও ইলাস্ট্রেশনের বিভিন্ন মাধ্যমে কাজ করে আসছে। প্রদর্শনীতে দর্শকরা স্টুডিওটির মৌলিক প্রকল্প, স্কেচ, কনসেপ্ট আর্ট, স্টোরিবোর্ড, প্রোডাকশন নোট এবং বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ উপস্থাপনার মাধ্যমে স্বাধীন অ্যানিমেশন নির্মাণের অন্তরালের অভিজ্ঞতা লাভ করবেন।

প্রদর্শনীর মূল আকর্ষণ “বেস্ট শো এভারেস্ট”, যা বর্তমানে নির্মাণাধীন একটি মৌলিক অ্যানিমেটেড মিনি-সিরিজ। মাউন্ট এভারেস্ট অভিযানের বাস্তব অভিজ্ঞতাকে কল্পনা ও হাস্যরসের সঙ্গে মিলিয়ে নির্মিত এই সিরিজে বন্ধুত্ব, সাহস, অভিযাত্রা এবং সাংস্কৃতিক আবিষ্কারের গল্প তুলে ধরা হয়েছে। দর্শনার্থীরা পাইলট পর্ব দেখার পাশাপাশি চরিত্র নকশা, কনসেপ্ট আর্ট, সেট ডিজাইন, মানচিত্র ও স্টোরিবোর্ডের মাধ্যমে সিরিজটির সৃজনপ্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

প্রদর্শনীতে আরও থাকছে “ঢাকা সারভাইভার”, একটি ইনফিনিট রানার ভিডিও গেম, যা মূলত “কার্টুনস ফর ইকুয়ালিটি: প্রিভেন্টিং ভায়োলেন্স অ্যাগেইনস্ট উইমেন অ্যান্ড গার্লস” প্রদর্শনীর জন্য নির্মিত হয়েছিল। গেমটিতে ঢাকার রাস্তায় নারীদের প্রতিদিনের নানা চ্যালেঞ্জ তুলে ধরা হয়েছে। পাশাপাশি দেখানো হয়েছে কীভাবে ইন্টারঅ্যাকটিভ মাধ্যম গুরুত্বপূর্ণ সামাজিক বিষয় নিয়ে কাজ করতে পারে। দর্শনার্থীরা গেমটি খেলার পাশাপাশি এর নির্মাণপ্রক্রিয়াও জানতে পারবেন।

এছাড়াও প্রদর্শিত হবে “ইএমকে অ্যানিমেশন কার্নিভাল”, যা ইএমকে সেন্টারের জন্য নির্মিত একটি প্রচারণামূলক অ্যানিমেশন প্রকল্পের নেপথ্য গল্প তুলে ধরবে। একই সঙ্গে থাকবে “অ্যান আনটাইটেলড অ্যান্ড ক্যানসেলড প্রজেক্ট: কমিকস মেলা”, একটি অসমাপ্ত অ্যানিমেশন প্রকল্প, যা একটি উৎসব বাতিল হয়ে যাওয়ায় কখনো প্রকাশিত হয়নি। স্কেচ, নোট, কনসেপ্ট আর্ট এবং প্রোডাকশন সামগ্রীর মাধ্যমে এই অংশে সৃজনশীল কাজের বাস্তবতা ও নানা চ্যালেঞ্জ তুলে ধরা হবে।

প্রদর্শনী উপলক্ষে আয়োজন করা হয়েছে বেশ কয়েকটি বিশেষ অনুষ্ঠান। ২৫ জুন সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে “বেস্ট শো এভারেস্ট”-এর পাইলট পর্বের প্রদর্শনী এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে হবে প্রদর্শনীর উদ্বোধন।

২৬ জুন বিকেল ৪টা ১৫ মিনিটে খ্যাতিমান কার্টুনিস্ট সৈয়দ রাশাদ ইমাম তন্ময়ের সঞ্চালনায় অনুষ্ঠিত হবে “মিট দ্য সেকেন্ড স্টুডিও: অডিয়েন্স ইন্টারঅ্যাকটিভ”। এ আয়োজনে দর্শকরা শিল্পীদের সঙ্গে সরাসরি মতবিনিময় ও প্রশ্নোত্তর পর্বে অংশ নিতে পারবেন।

২৭ জুন বিকেল ৪টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে “সেকেন্ড স্টুডিও ব্যাকইয়ার্ড সেশন”, যেখানে শিল্পী, অ্যানিমেশনপ্রেমী এবং সৃজনশীল অঙ্গনের সদস্যরা একটি অনানুষ্ঠানিক আড্ডায় মিলিত হবেন। একই দিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রদর্শনীর সমাপনী আয়োজনে সংগীতশিল্পী ফ্র্যাঙ্কলিন পরিবেশন করবেন একটি আনপ্লাগড সংগীতানুষ্ঠান।

আয়োজকদের মতে, এই প্রদর্শনীর মাধ্যমে সব বয়সের দর্শকদের স্বাধীন অ্যানিমেশনের সম্ভাবনা আবিষ্কার, মৌলিক বাংলাদেশি কনটেন্ট তৈরির সৃজনপ্রক্রিয়া সম্পর্কে জানার সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি বহুমাত্রিক সৃজনশীল চর্চায় যুক্ত এক উদীয়মান শিল্পী সম্প্রদায়ের সঙ্গে পরিচিত হওয়ারও সুযোগ মিলবে।

২৫ থেকে ২৭ জুন পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত লা গ্যালারি, অ্যালিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: