![]()


স্টাফ রিপোর্টার ::
সিলেট মহানগরীর নবাব রোড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা বিক্ষোভ মিছিলের ঘটনায় দায়ের করা মামলায় আরও এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মামলায় মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে নগরীর বন্দরবাজার এলাকা থেকে ফুয়াদ আহমদ (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি নগরীর কোতোয়ালী থানার বিলপাড় এলাকার বাসিন্দা কয়েস আহমদের ছেলে। মামলার ১৮ নম্বর আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় কোতোয়ালী থানার এসআই মাসুদ আহমদ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত) এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেন। মামলায় ২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৪৫ জনকে আসামি করা হয়েছে। সব মিলিয়ে মামলায় ৬৯ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নামোল্লেখ করা আসামিদের মধ্যে রয়েছেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদ, মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সুজেল আহমদ তালুকদার, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাওয়াদ হোসেন খান, লিডিং ইউনিভার্সিটি ছাত্রলীগের সাবেক সভাপতি ফাহিম আহমদ, নর্থ ইস্ট ইউনিভার্সিটি ছাত্রলীগের সাবেক সভাপতি দীপরাজ দাশ দিপায়নসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এর আগে গত ১৬ জুন অভিযান চালিয়ে ইব্রাহিম মোস্তফা মাহী, সানিয়াদ আহমদ, রেদুয়ান আহমদ রাব্বী, আশরাফুল আহমদ শাহী ও সাকির আহমদকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে ফুয়াদ আহমদকে গ্রেপ্তারের মাধ্যমে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ায় ছয়ে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির বলেন, “ঝটিকা বিক্ষোভ মিছিলের ঘটনায় দায়ের করা মামলায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।”
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ জুন সকাল সাড়ে ৭টার দিকে নগরীর নবাব রোড এলাকায় পিডিবি অফিসের সামনে থেকে মদিনা মার্কেট অভিমুখে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী একটি ঝটিকা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজবন্দীদের মুক্তি এবং ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবি জানানো হয়।
স্থানীয় সূত্রের দাবি, কর্মসূচিটি সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খানের উদ্যোগে অনুষ্ঠিত হয় এবং মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদ।