![]()


স্পোর্টস ডেস্ক ::
মরক্কোর বিপক্ষে হতাশাজনক ড্রয়ের পর সমালোচনার মুখে পড়েছিল ব্রাজিল। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচে হাইতিকে ৩-০ গোলে হারিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে উঠে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাথিউস কুনিয়ার জোড়া গোল এবং ভিনিসিয়ুস জুনিয়রের এক গোলেই প্রথমার্ধে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায়। দ্বিতীয়ার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের ব্যবধান বাড়াতে পারেনি সেলেসাওরা।
ম্যাচের শুরুতে হাইতি কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও ধীরে ধীরে খেলার নিয়ন্ত্রণ নেয় ব্রাজিল। ১২ মিনিটে রাফিনিয়া বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। এরপর ২২ মিনিটে গোলকিপারকে একা পেয়েও সুযোগ নষ্ট করেন বার্সেলোনা তারকা।
তবে পরের মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। ভিনিসিয়ুসের শট হাইতি গোলরক্ষক জনি প্লাসিড ঠেকালেও ফিরতি বলে গোল করেন ম্যাথিউস কুনিয়া। ৩৬ মিনিটে ভিনিসিয়ুসের চমৎকার থ্রু পাস থেকে নিজের দ্বিতীয় গোল করে দলের ব্যবধান দ্বিগুণ করেন তিনি।
প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে লুকাস পাকেতার পাস থেকে গোল করে স্কোরলাইন ৩-০ করেন ভিনিসিয়ুস জুনিয়র। তার নিখুঁত ফিনিশিংয়ে বড় ব্যবধান নিয়েই বিরতিতে যায় ব্রাজিল।
দ্বিতীয়ার্ধে গোলের আরও সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেনি সেলেসাওরা। ৬৩ মিনিটে কর্নার থেকে হাইতির একটি নিশ্চিত গোলের সুযোগ দারুণ দক্ষতায় রক্ষা করেন গোলরক্ষক আলিসন বেকার। ৬৯ মিনিটে বদলি খেলোয়াড় গ্যাব্রিয়েল মার্তিনেল্লির জোরালো শট ক্রসবারে লেগে ফিরে আসে। ৭৮ মিনিটে এন্দ্রিক বল জালে পাঠালেও অফসাইডের কারণে সেটিও বাতিল হয়।
শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল।
এই জয়ে দুই ম্যাচ শেষে ব্রাজিলের সংগ্রহ ৪ পয়েন্ট। সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে (+৩) এগিয়ে থেকে ‘সি’ গ্রুপের শীর্ষে রয়েছে তারা। মরক্কো ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয়, স্কটল্যান্ড ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় এবং দুই ম্যাচে কোনো পয়েন্ট না পাওয়া হাইতি রয়েছে গ্রুপের তলানিতে।