সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
মঙ্গলবার, ১৯ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বড়লেখা সীমান্তে চোরাচালান ও মাদক বাণিজ্য বন্ধে কঠোর হুঁশিয়ারি এমপি মিঠুর

বড়লেখা প্রতিনিধি:

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেছেন, বড়লেখায় বিএনপির পরিচয়ে কিছু ব্যক্তি সীমান্ত চোরাচালান, মাদক ব্যবসা, থানায় তদবির বাণিজ্যসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। নতুন করেও কিছু লোক এসব অপকর্মে যুক্ত হচ্ছে বলে তার কাছে তথ্য রয়েছে। এসব অপরাধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি।

মঙ্গলবার দুপুরে বড়লেখা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি মিঠু বলেন, দলের পরিচয়ে অপকর্মকারীদের তালিকা তার কাছে রয়েছে এবং শিগগিরই তা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হবে। তিনি সবাইকে সতর্ক করে বলেন, কোনো রাজনৈতিক পরিচয় ব্যবহার করে অপরাধ কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না।

সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, টেকনাফের পর বড়লেখা সীমান্ত যেন উগ্রবাদী জঙ্গি ও চোরাকারবারিদের নিরাপদ রুটে পরিণত হয়েছে। সীমান্তে জঙ্গি গ্রেফতার, ভারতীয় নাগরিক আটক, অস্ত্র উদ্ধার, গবাদিপশু, মাদক ও ভারতীয় অবৈধ পণ্যের চোরাচালান উদ্বেগজনক হারে বেড়েছে। এসব অপরাধ বন্ধে বিজিবি, পুলিশ, উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় বড়লেখা থানার এসআই সুব্রত কুমার দাস ও আব্দুর রউফসহ কয়েকজন পুলিশের বিরুদ্ধে অভিযোগ তদন্তে গিয়ে বাদীর বক্তব্য উপেক্ষা করে আসামিপক্ষকে সহযোগিতা এবং বাদীপক্ষকে হয়রানির মুখে ফেলার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন এমপি মিঠু। তিনি বলেন, মানুষ নিরাপত্তা ও ন্যায়বিচারের আশায় পুলিশের কাছে যায়। কিন্তু তদন্ত কর্মকর্তার আচরণে যদি ভুক্তভোগীরা আরও আতঙ্কিত হন, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে।

তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, সাধারণ মানুষকে হয়রানির শিকার করা পুলিশের অ-পুলিশি আচরণের চিত্র গণমাধ্যমে তুলে ধরতে হবে।

সভায় বিজিবি-৫২ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মেজর মাহফুজ আলম বলেন, ভারতীয় চোরাইপণ্য আটকের অভিযানে দুষ্কৃতিকারীরা মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের ওপর হামলা চালাচ্ছে। সীমান্ত অপরাধ, মাদক, অস্ত্র ও মহিষসহ বিভিন্ন চোরাচালান রোধে স্থানীয় জনপ্রতিনিধি ও জনসাধারণের সহযোগিতা কামনা করেন তিনি।

ইউএনও মাহবুব আলম মাহবুরের সঞ্চালনায় উপজেলা পরিষদ সেমিনার কক্ষে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, উপজেলা কৃষি অফিসার মনোয়ার হোসেন, থানার ওসি (তদন্ত) ওবায়দুল হক, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নছিব আলী, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম, বর্ণি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ, ইমরান আহমদ ও মাওলানা বদরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: