![]()


বড়লেখা প্রতিনিধি ::
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মাইজপাড়া এলাকায় কুটিনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ এপ্রিল) সকালে তার লাশ নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয়। নিহত কুটিনা বেগম মাইজপাড়ার মৃত তছির আলীর স্ত্রী।
পরিবার সূত্রে জানা গেছে, কুটিনা বেগমের বড় ছেলে চলতি মাসে মৃত্যুবরণ করেন। এরপর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। ধারণা করা হচ্ছে, ছেলের মৃত্যুর শোকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কুটিনা বেগম রাতের খাবার শেষে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঘুমিয়ে পড়েন। রাত দেড়টার দিকে তার বড় ছেলের ফুফু শ্বাশুড়ি রেনু বেগম প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘুম থেকে উঠে দেখতে পান, কুটিনা বেগম ঘরের ভীমের সঙ্গে শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন।
তার চিৎকারে পরিবারের সদস্যরা জেগে ওঠেন এবং কুটিনাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে সকালে পুলিশকে খবর দেওয়া হলে বড়লেখা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বড়লেখা থানার এসআই সুব্রত চন্দ্র দাস জানান, ময়নাতদন্ত শেষে বিকেলে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।