![]()


বড়লেখা প্রতিনিধি :
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রশিদ আহমদ সোনাম নির্বাচনের প্রায় পাঁচ বছর পর শপথ নিয়েছেন। দীর্ঘ সাড়ে চার বছরের আইনি লড়াই শেষে মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে ইউপি সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
উপজেলা পরিষদ সেমিনার কক্ষে তাকে শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল আলম মাহবুব। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া ও উপজেলা নির্বাচন কর্মকর্তা হাফিজুর রহমান।
জানা গেছে, ২০২১ সালের ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে নিজ বাহাদুরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন রশিদ আহমদ সোনাম। গল্লাসাঙ্গন দাখিল মাদ্রাসা কেন্দ্রে ভোট গণনার পর তাকে পাঁচ ভোটে পরাজিত দেখিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী খসরুজ্জামানকে বিজয়ী ঘোষণা করা হয়।
ভোট গণনায় কারচুপির অভিযোগ এনে রশিদ আহমদ সোনাম নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে মৌলভীবাজারের সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক মুহাম্মদ জালাল উদ্দিন রায় দেন। রায়ে রশিদ আহমদ সোনামকে বিজয়ী ঘোষণা করা হয়।
এরপর সংশোধিত গেজেট প্রকাশিত হলেও শপথ গ্রহণের ঠিক আগে প্রতিপক্ষ খসরুজ্জামান রিট পিটিশন দায়ের করলে শপথ আটকে যায়। সর্বশেষ চলতি বছরের ৯ জুলাই বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট পিটিশনটি সরাসরি খারিজ করে দেন। একই সঙ্গে নির্বাচনী ট্রাইব্যুনালের মূল রায় বহাল রেখে আগের সব স্থগিতাদেশ বাতিল ঘোষণা করেন।
পরে ৯ আগস্ট মৌলভীবাজার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রুবেল মাহমুদ রশিদ আহমদ সোনামকে ইউপি সদস্য হিসেবে শপথ পড়ানোর জন্য বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার তিনি শপথ গ্রহণ করেন।
শপথ শেষে রশিদ আহমদ সোনাম বলেন, “২০২১ সালের নির্বাচনে আমি প্রকৃত বিজয়ী ছিলাম। অনৈতিকভাবে প্রভাব খাটিয়ে কারচুপির মাধ্যমে আমাকে ভোটে পরাজিত দেখানো হয়েছিল। আদালতের রায়ে আমি ন্যায়বিচার পেয়েছি, সত্যের বিজয় হয়েছে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল আলম মাহবুব বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী রশিদ আহমদ সোনামকে নিজ বাহাদুরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে শপথ পড়ানো হয়েছে। শপথের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
হাইকোর্টে রশিদ আহমদ সোনামের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী তৌফিক আনোয়ার চৌধুরী। তিনি বলেন, দীর্ঘ শুনানি শেষে হাইকোর্টের রায়ে তার মক্কেল ন্যায়বিচার পেয়েছেন। প্রায় চার বছর নয় মাস পর শপথ গ্রহণের মাধ্যমে তিনি কাঙ্ক্ষিত দায়িত্বে ফিরেছেন।
মৌলভীবাজার নির্বাচনী ট্রাইব্যুনালে রশিদ আহমদ সোনামের পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আব্দুল মতিন।
এদিকে রশিদ আহমদ সোনামের ভোটার ও সমর্থকরা ভোট গণনায় কারচুপির সঙ্গে জড়িত প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।