![]()


বিয়ানীবাজার সংবাদদাতা :
সিলেটের বিয়ানীবাজারে এক স্কুল ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে সাড়ে ১১টার দিকে পৌরসভার শ্রীধরা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত স্কুল ছাত্রের নাম আহমদ আল আবী (১৩)। সে বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য নোমান আহমদের ছেলে এবং খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতনের সপ্তম শ্রেণি ছাত্র। সোমবার ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয়রা জানান, ঘরে দরজা বন্ধ পেয়ে তাকে অনেক ডাকাডাকি করা হয়। কোন সাড়া না পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ দরজা খোলে লাশ উদ্ধার করে। এ সময় ঘর থেকে নিহত আহমদ আল আবী এর ট্যাব জব্দ করে পুলিশ। ধারণা করা হচ্ছে নিহত আহমদ আল আবী নিজের ট্যাব দিয়ে ব্লু হোয়েল গেম খেলেই আত্মহননের পথ বেঁচে নেয়।
নিহতের স্বজনরা জানান, পরিবারের সবাই আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। বাড়িতে একা ছিল আহমদ আল আবী। সে ঘরের প্রবশে ফটক (কলাপসিবল গেইট) তালা দিয়ে ঘরের ভেতর একা ছিল।
বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় বলেন, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার বিষয়টি ষ্পষ্ট। তবে ময়না তদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। তিনি বলেন, ওই স্কুল ছাত্রের পরণে ছিলো তার বড় বোনের পায়জামা, কামিজ ও ওড়না। আর লাশটি ঝুলন্ত অবস্থায় ওড়না দিয়ে মুখ ঢাকা ছিল।