সর্বশেষ আপডেট : ১১ ঘন্টা আগে
শনিবার, ৭ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

যাকাত দান নয়, এটি দরিদ্র মানুষের ন্যায্য অধিকার: বিভাগীয় কমিশনার

স্টাফ রিপোর্টার::

সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেছেন, যাকাত অনুগ্রহের বিষয় বা দান নয়; এটি ইসলামের পাঁচটি স্তম্ভের একটি এবং প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য ফরজ ইবাদত। যাকাত হলো সম্পদশালী মানুষের সম্পদের ওপর দরিদ্র মানুষের ন্যায্য হক।

বুধবার সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলনকক্ষে ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয় আয়োজিত ‘দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিভাগীয় কমিশনার বলেন, দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলাম ধর্ম কোনো নির্দিষ্ট দেশ বা জাতির জন্য নয়; বরং সমগ্র মানবজাতির শান্তি, সাম্য ও কল্যাণ প্রতিষ্ঠার জন্য এসেছে। ইসলামের বিধান অনুযায়ী সঠিকভাবে যাকাত আদায় করা হলে সমাজে দারিদ্র্য অনেকাংশে হ্রাস পেতে পারে।

তিনি আরও বলেন, যাকাত কী, কীভাবে যাকাত আদায় করতে হয় এবং যাকাতের হিসাব-নিকাশ সম্পর্কে শিক্ষার্থীদের প্রাথমিক স্তর থেকেই ধারণা দেওয়া প্রয়োজন। এতে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে যাকাত সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে।

খান মো. রেজা-উন-নবী বলেন, ইসলাম ধর্ম মানবজাতির মুক্তি ও কল্যাণের জন্য প্রবর্তিত হয়েছে। ইসলামের মৌলিক চেতনা ধারণ করে যাকাত ব্যবস্থাকে রাষ্ট্রীয় কাঠামোর আওতায় আনতে হবে। রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে যাকাত অন্তর্ভুক্ত না হলে এটি প্রাতিষ্ঠানিক রূপ পাবে না।

তিনি যাকাত আদায়ে ইসলামিক ফাউন্ডেশনের পাশাপাশি সরকারের অন্যান্য দপ্তরকেও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে যাকাতের অর্থ ক্ষুদ্র আকারে বিতরণ না করে দরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তুলতে টেকসই কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ড. সৈয়দ শাহ এমরানের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য দেন সিলেট ইমাম প্রশিক্ষণ একাডেমির উপপরিচালক ড. আনোয়ারুল কাদির। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মুহিবুর রহমান।

সেমিনারে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, ইমাম সমিতির নেতৃবৃন্দ এবং ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: