![]()


স্টাফ রিপোর্টার ::
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মোঃ নাহিদ ইসলাম বলেছেন, দেশে আবারও একদলীয় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার আশঙ্কা তৈরি হয়েছে। প্রশাসন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
বুধবার সিলেট নগরীর একটি কনভেনশন সেন্টারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত সিলেট বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশ ব্যাংকে স্বেচ্ছাচারী নিয়োগ দেওয়া হচ্ছে। একইভাবে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ক্ষেত্রেও নানা বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এ পরিস্থিতিতে গণতন্ত্র রক্ষায় আরেকটি লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। তবে এবার ভুল না করে পূর্ণ প্রস্তুতি নিয়ে মাঠে নামার কথাও জানান তিনি।
তিনি আরও বলেন, একটি গণঅভ্যুত্থানের পরবর্তী করণীয় নির্ধারণে অতীতে ভুল হয়েছে। সেই ভুলের কারণেই বর্তমানে দেশের পরিস্থিতি বেহাল হয়ে পড়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, হাদী হত্যার বিচার নিয়ে তারা একচুলও ছাড় দেবেন না। যত বড় প্রভাবশালী ব্যক্তি জড়িত থাকুক না কেন, তাদের বিচারের আওতায় আনা হবে।
প্রশাসনে দলীয় লোক নিয়োগের সমালোচনা করে তিনি বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি ও প্রশাসনের দলীয়করণ বন্ধ করতে হবে। সিলেটে আসার পথে বিভিন্ন সড়কের করুণ অবস্থা দেখেও বিস্ময় প্রকাশ করেন তিনি। স্থানীয় সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গণমাধ্যমে যেন এসব সড়কের বাস্তব চিত্র তুলে ধরা হয়।
তিনি বলেন, অনেকেই সহজেই বিমানযোগে বা অন্য উপায়ে ঢাকায় যেতে পারেন। কিন্তু শ্রমজীবী ও সাধারণ মানুষকে প্রতিদিন খারাপ সড়ক দিয়েই চলাচল করতে হয়, যা তাদের জন্য বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
সিলেটকে সম্প্রীতির শহর উল্লেখ করে নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, এখানে রাজনৈতিক ও সামাজিক সুসম্পর্ক রয়েছে, যা দেশের জন্য ইতিবাচক দৃষ্টান্ত।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সদ্য নিয়োগপ্রাপ্ত ডিজিএফআই প্রধানের ভারত সফর নিয়ে সমালোচনা করেন। তিনি বলেন, সরকারের কিছু ভূমিকা প্রশংসনীয় হলেও দলীয়করণ ও দুর্নীতির সুযোগ দিলে তা মেনে নেওয়া হবে না।
তিনি আরও বলেন, নির্বাচনের ফল মেনে নিয়ে দেশ গণতান্ত্রিক উত্তরণের পথে এগিয়ে যাচ্ছে। তবে আগামী স্থানীয় নির্বাচনে কারচুপি বা কেন্দ্র দখলের চেষ্টা হলে তা প্রতিহত করা হবে। একই সঙ্গে ফ্যাসিবাদের প্রমাণিত দোসর ও জুলাইয়ের বিরোধীদের প্রশ্রয় দিলে সরকার ফাঁদে পড়বে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এ সময় নেতারা জুলাই সনদ অধ্যাদেশ কার্যকর এবং রাষ্ট্রপতিকে অভিসংশন না করলে রাজপথে আন্দোলনেরও হুঁশিয়ারি দেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম এবং ছাত্রশক্তির সদস্য সচিব আবু বাকের মজুমদার।
ইফতার মাহফিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ এগারো দলীয় জোটের সিলেট বিভাগীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।