সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

‘যুদ্ধটা আপনাদের, বন্ধুত্বটা আমাদের’: জোভান

ডেইলি সিলেট ডেস্ক ::

ভক্তদের এ যেন ধরাবাঁধা রীতি, পছন্দের অভিনয়শিল্পীকে এগিয়ে রাখতে হবে। এই নিয়ে প্রায়ই ফেসবুক গ্রুপগুলোয় চলে রীতিমতো ভার্চ্যুয়াল ঝগড়া। অন্যের ভক্তের প্রিয় তারকাকে ছোট করে নিজের পছন্দের তারকাকেই এগিয়ে রাখা এই ভার্চ্যুয়াল যুদ্ধের লক্ষ্য। তবে মজার ব্যাপার হচ্ছে, ভক্তদের এবারের যুদ্ধটা যে দুই তারকাকে নিয়ে, সেই দুই তারকার অভিনয়ে পথচলা একসঙ্গে। তাঁরা দুজনই কাছের বন্ধু। তাঁরা হলেন ফারহান আহমেদ জোভান ও তৌসিফ মাহবুব।

দুই বন্ধুকে নিয়ে ভক্তরা ঝগড়াঝাঁটি করলেও তাঁদের বন্ধুত্বের জায়গাটা কেমন, সেটা মনে করিয়ে দিলেন জোভান। বন্ধুর সঙ্গে ছবি দিয়ে এই অভিনেতা লিখেছেন, ‘আমাদের দুইজনকে নিয়ে ভক্তদের নিজেদের মধ্যে এত ঝগড়াঝাঁটি, এত ভার্চ্যুয়াল মারামারি করার আগে একটা জিনিস জেনে রাখেন, আমরা একে অপরকে যতটা সম্মান করি, আপনারা একে অপরকে ততটা সম্মান করেন না।’

ভক্তরা ঝগড়া করলেও অনেকেই হয়তো জানেন না, ক্যারিয়ারের শুরুতে দুজনের পরিচয়। রেদওয়ান রনির পরিচালনায় ‘ঝালমুড়ি’ ধারাবাহিক নাটকে তাঁরা একসঙ্গে অভিনয় করেন। পরে তাঁরা নিয়মিত একসঙ্গে কাজ করেন। একসময় ভালো বন্ধু হয়ে যান। জোভান ও তৌসিফের বন্ধুত্ব প্রায় ১৩ বছরের। সেই বন্ধুত্ব এখনো আগের মতোই। এখনো তাঁরা নিয়মিত একসঙ্গে আড্ডা দেন।

এই বন্ধুত্ব নিয়ে জোভান এর আগে বলেছিলেন, ‘আমরা সবাই একটা ব্যাপার অনুভব করি, ব্যস্ততা যতই থাকুক না কেন, মাঝেমধ্যে দেখা হওয়া জরুরি। কারণ, বন্ধুরা এক হলে মন ভালো হয়। আড্ডায় আমাদের খোঁচাখুঁচি চলতেই থাকে। বেশির ভাগ সময় আমরা ক্যারিয়ার, ব্যক্তিগত নানা কিছু নিয়ে মজা করি…খুনসুটি আরকি। বন্ধুদের মধ্যে যা হয়। এখনো তৌসিফের সঙ্গে যখনই দেখা হোক বা কথা হোক, ওই সম্পর্ক আগের মতো।’

জোভানের এই ফেসবুক পোস্টে ভক্তরা কেউ কেউ মন্তব্য করেছেন, ‘জোভান ভাই আমার কাছে সেরা।’ সেখানে পাল্টা আরেকজন লিখেছেন,‘তৌসিফ ভাই সেরা।’ রাজীব অভি নামের একজন মন্তব্য করেছেন,‘গ্রুপে বা পোস্টে ফ্যানরা যেমন ঝগড়াঝাঁটি করে দিন শেষে জেনে রাখুন তাঁরাও ইনবক্সে একসঙ্গে আড্ডা দেয়। সম্পর্ক হাতে গোনা দুই-একজন ছাড়া সবার সঙ্গেই সবার বেশ ভালো।’

সবশেষে জোভান ভক্তদের এই ভার্চ্যুয়াল যুদ্ধ নিয়ে লিখেছেন, ‘যুদ্ধটা আপনাদের, বন্ধুত্বটা আমাদের। ভালোবাসাটা আমাদের। আপনারা ফ্যান হয়ে একে অপরের সঙ্গে যুদ্ধ করেন, আর আমরা প্রতিযোগী হয়ে একসঙ্গে আড্ডা দিই।’

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: