সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

রাষ্ট্রপতি সিলেট পৌছে শাহজালালের মাজার জিয়ারত করেছেন : নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন

স্টাফ রিপোর্টার ::

দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সিলেট সফরে এসে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা ২৭ মিনিটে রাষ্ট্রপতিকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা রাষ্ট্রপতিকে স্বাগত জানান। পরে মোটর শোভাযাত্রা করে তিনি সিলেট সার্কিট হাউজের উদ্দেশে রওনা হন।

সফরসূচি অনুযায়ী, সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণের পর দুপুর সাড়ে ১২টার দিকে হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে পৌঁছান রাষ্ট্রপতি। মাজার কর্তৃপক্ষ তাকে স্বাগত জানান। মাজার জিয়ারত শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি। সেখানে কিছু সময় অবস্থানের পর রাষ্ট্রপতি হযরত শাহপরান (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা হন।

রাষ্ট্রপতির সঙ্গে মাজার জিয়ারতের সময় উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেটের বিভিন্ন সংসদীয় আসনের সদস্যরা, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেটের জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।

রাষ্ট্রপতির মাজারে যাওয়া ও ফেরার সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে অসংখ্য মানুষ তাকে শুভেচ্ছা জানান। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সিলেট মহানগর বিএনপির নেতাকর্মীরাও তাকে স্বাগত জানান।

নাগরিক সংবর্ধনা বিকেলে

রাষ্ট্রপতিকে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে মঙ্গলবার বিকেলে নগর ভবন প্রাঙ্গণে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। নির্ধারিত সূচি অনুযায়ী, বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি।

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, রাষ্ট্রপতিকে বরণ করতে সিলেটবাসী প্রস্তুত। নাগরিক সংবর্ধনায় সব শ্রেণি-পেশার প্রতিনিধিদের অংশগ্রহণ থাকবে।

কঠোর নিরাপত্তা

রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সিলেট নগরীতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম জানান, সফরের দিন এসএমপির প্রায় এক হাজার সদস্যের পাশাপাশি আরও ২০০ পুলিশ সদস্য অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। পুলিশের বিশেষ ইউনিটের সদস্যদেরও নিরাপত্তায় নিয়োজিত করা হয়েছে। এর বাইরে র‌্যাব, বিজিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন।

মাজার, সংবর্ধনাস্থল এবং রাষ্ট্রপতির চলাচলের সম্ভাব্য রুটে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের সদস্য মোতায়েন রয়েছে। একই সঙ্গে যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনাও রাখা হয়েছে।

সফরসূচি অনুযায়ী, নাগরিক সংবর্ধনা শেষে রাষ্ট্রপতি সিলেট সার্কিট হাউজে অবস্থান করবেন। রাত ৮টায় বিমানযোগে তাঁর ঢাকার উদ্দেশে সিলেট ছাড়ার কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: