সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

‘তুমি বেশি লম্বা, অভিনেতা হওয়ার যোগ্যতা নেই

ডেইলি সিলেট ডেস্ক ::

অমিতাভ বচ্চন আজ ভারতীয় সিনেমার যে চূড়ায় বসে আছেন, তার পেছনের গল্পটা কোনো রাজকীয় রূপকথা নয়; বরং তা পরপর ব্যর্থতা আর প্রবল লড়াইয়ের এক চিত্রনাট্য। দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্র জগতে একচ্ছত্র রাজত্ব করলেও, ক্যারিয়ারের গোড়ার দিকটা তাঁর জন্য ছিল ভীষণ কণ্টকাকীর্ণ।

প্রতিনিয়ত প্রত্যাখ্যান আর হতাশার সেই দিনগুলোর স্মৃতিকথা সম্প্রতি তিনি নতুন করে উসকে দিয়েছেন ‘কৌন বানেগা ক্রোড়পতি ১৮’-এর মঞ্চে। রিয়েলিটি শোয়ের বিশেষ একটি পর্বে ভক্তদের সঙ্গে শেয়ার করে নেন সেই কঠিন সময়ের অভিজ্ঞতা—কীভাবে একের পর এক দরজা বন্ধ হয়ে যাওয়ার পরও তিনি হাল না ছেড়ে আজকের ‘শাহেনশাহ’ হয়ে উঠেছেন।

সেখানে ২০২৬ কমনওয়েলথ গেমসে স্বর্ণপদকজয়ী লভলিনা বরগোহাইন, ঝান্ডু কুমার, শর্মিলা ধানকর ও অস্মিতা দে তার সঙ্গে কথা বলেন।

কথার একপর্যায়ে অস্মিতা অমিতাভকে জিজ্ঞেস করেন, অভিনয়ের সময় বা শুটিং সেটে তিনি কখনো বকা খেয়েছেন কি না।

খেলোয়াড়রা অনুশীলনের সময় ভুল করলে যেমন কোচের বকা খান, সেটার সঙ্গে মিলিয়েই তিনি প্রশ্নটি করেন।

অমিতাভ তখন জানান, ক্যারিয়ারের শুরুর দিকে তাকে অনেক বকা শুনতে হয়েছে।

তিনি বলেন, তাকে এমন কথাও শুনতে হয়েছিল—‘তুমি কিছুই জানো না, অভিনয়ও জানো না। তুমি অনেক লম্বা, বাড়ি চলে যাও।’ অমিতাভ জানান, পরে যখন তিনি সিনেমায় কাজের সুযোগ পেতে শুরু করেন, তখনো তার সমস্যা শেষ হয়নি।

পরিচালকরা তার অভিনয়ের ভুল ধরিয়ে দিতেন। কোথায় দাঁড়াতে হবে, কিভাবে ডায়লগ বলতে হবে—সবকিছুই তাকে শেখানো হতো।

তিনি বলেন, কখনো তাকে বলা হতো, ‘ওখানে দাঁড়িয়ে ডায়লগ বলো।’ এরপর ডায়লগ বলার পর পরিচালকরা আবার জিজ্ঞেস করতেন, এভাবে কি ডায়লগ বলা যায়?

ভুল হলে তাকে বকা দেওয়া হতো এবং ঠিক করে দেওয়া হতো।

অমিতাভ বলেন, এভাবেই ধীরে ধীরে তিনি শিখেছেন এবং নিজের অভিনয় উন্নত করেছেন। ক্যারিয়ারের শুরুর দিকের আরেকটি ঘটনাও মনে করেন অমিতাভ।

তিনি বলেন, সাধারণত তিনি শুটিংয়ে সময়মতো পৌঁছানোর চেষ্টা করতেন। কিন্তু একবার শুটিংয়ে যেতে তার দেরি হয়ে যায়।

তখন অমিতাভের নিজের কোনো গাড়ি ছিল না। তাই অন্য একজনের গাড়িতে করে তিনি শুটিং সেটে পৌঁছান।

সেখানে গিয়ে দেখেন, পরিচালক সেটের বাইরে দাঁড়িয়ে আছেন। অমিতাভকে দেখেই পরিচালক জানান, সেদিনের শুটিং শেষ করে দেওয়া হয়েছে।

এরপর পরিচালক তাকে বলেন, ‘এখান থেকে বের হয়ে যাও।’ অর্থাৎ, দেরি করে আসায় তাকে সেদিন শুটিং না করেই চলে যেতে হয়েছিল।

কিন্তু এসব সমস্যায় থেমে যাননি তিনি। পরিচালকদের বকা ও ভুল ধরিয়ে দেওয়াকে তিনি নিজের শেখার অংশ হিসেবে নিয়েছেন। ধীরে ধীরে অভিনয় শিখেছেন এবং নিজের জায়গা তৈরি করেছেন।

আজ সেই অমিতাভ বচ্চনই হিন্দি সিনেমার সবচেয়ে বড় তারকাদের একজন।

কাজের দিক থেকে অমিতাভ বচ্চনকে পরবর্তীতে প্রভাসের সঙ্গে ‘কালকি ২’ সিনেমায় দেখা যাবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: