![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
ইতালির ভেনিসে বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় তিন প্রবাসী বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ করেছে দেশটির পুলিশ। তাঁরা হলেন ইলিয়াস হোসেন, মুহাম্মদ বিপুল ও মনির হাওলাদার। এ সময় একজন বাংলাদেশি দোভাষীও উপস্থিত ছিলেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার ভেনিসে পুলিশের একটি কার্যালয়ে তাঁদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
তদন্ত চলমান থাকায় এবং বিষয়টি নিয়ে ইতালির আইনি বিধিনিষেধের কথা বিবেচনায় নিয়ে পুলিশ কিংবা ইতালিপ্রবাসী বাংলাদেশি কমিউনিটির কেউ এ বিষয়ে মন্তব্য বা তথ্য দিতে রাজি হননি।
তবে পাওয়া তথ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদের সময় তিনজনের ব্যবহৃত মোবাইল ফোন পুলিশের হেফাজতে নেওয়া হয়। কী কারণে ফোনগুলো নেওয়া হয়েছে এবং সেগুলো আনুষ্ঠানিকভাবে জব্দ করা হয়েছে কি না, সে বিষয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
গত সেপ্টেম্বর মাসে ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালি যান আজমেরী হক বাঁধন। ৮ সেপ্টেম্বর গভীর রাতে ভেনিসের মেস্ত্রে এলাকায় স্বজনদের সঙ্গে অবস্থানকালে একদল বাংলাদেশির বিরুদ্ধে তাঁকে শারীরিকভাবে হেনস্তা ও হামলার অভিযোগ ওঠে।
ঘটনার পরপরই ফেসবুক লাইভে এসে এ বিষয়ে অভিযোগ করেন বাঁধন। পরে স্থানীয় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তিনি। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ইতালির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তিন বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ এবং তাঁদের মোবাইল ফোন পুলিশের হেফাজতে নেওয়ার খবর প্রকাশ্যে আসার পর ঘটনাটি নিয়ে ইতালিপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে।