![]()


বিনোদন ডেস্ক ::
শুটিংয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন অভিনেতা সোহেল খান। ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য পোশাকও পরেছিলেন। কিন্তু শুটিংয়ে আর যাওয়া হয়নি তাঁর। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ায় আকস্মিক অসুস্থ হয়ে মারা যান নাটক ও চলচ্চিত্রের এই অভিনেতা। তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর।
‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয়ের বর্ণনা অনুযায়ী, মঙ্গলবার সকালে হোটেল মম ইনে শুটিংয়ের জন্য সাদা শার্ট-প্যান্ট পরে প্রস্তুত হন তিনি। তাঁকে নিতে প্রোডাকশনের একজন সদস্য কক্ষে গেলে বের হওয়ার সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন সোহেল। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, অসুস্থ হয়ে পড়লে সোহেল খানকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর মরদেহ ঢাকার ধামরাইয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পরিচালক মো. ইকবাল জানিয়েছেন, তাঁর মৃত্যুর পর ‘নসিব’ সিনেমার শুটিং বন্ধ রাখা হয়েছে।
সোহেল খানের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শোবিজ অঙ্গনে। সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে স্মৃতিচারণ করে শ্রদ্ধা জানাচ্ছেন।
অভিনেতা তৌসিফ মাহবুব তাঁর ফেসবুক পোস্টে সোহেল খানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। অভিনেত্রী দীপা খন্দকার ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতির মধ্যেই তাঁর চলে যাওয়ার কথা স্মরণ করে শোক প্রকাশ করেন।
অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, সোহেল খানকে নিয়ে অনেক স্মৃতি তাঁর চোখের সামনে ভিড় করছে। অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দাও সহকর্মীর সঙ্গে কাটানো নানা মুহূর্ত স্মরণ করে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীও সোহেল খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। ফারুকীর পরিচালনায় ‘৪২০’ ধারাবাহিকে ‘বিশু’ চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পান সোহেল খান। অভিনেতা ও নির্মাতা কচি খন্দকারও তাঁর সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব ও একসঙ্গে কাজ করার স্মৃতি তুলে ধরে শোক জানিয়েছেন। এ ছাড়া অভিনেতা-অভিনেত্রী ও সংগীতশিল্পীসহ শোবিজের অনেকে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
ধামরাইয়ের রাজাপুরের সন্তান সোহেল খান প্রায় দুই যুগ আগে বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে মিডিয়ায় পা রাখেন। পরে টিভি নাটকে অভিনয় শুরু করেন। ‘৪২০’ ধারাবাহিকের ‘বিশু’ চরিত্র তাঁকে বিশেষ পরিচিতি এনে দেয়।
‘হাউসফুল’, ‘ডিটেকটিভ’, ‘ফ্যামিলি ক্রাইসিস’, ‘সৈয়দ বাড়ির বউ’, ‘ভালোবাসার যৌথ খামার’, ‘বিয়ের দাওয়াত রইলো’ ও ‘টু বি কন্টিনিউড’সহ বিভিন্ন নাটকে অভিনয় করেছেন তিনি।
২০০৭ সালে ‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় সোহেল খানের। পরে ‘স্পার্টাকাস ৭১’, ‘কমন জেন্ডার’, ‘প্রজাপতি’, ‘দেশা: দ্য লিডার’, ‘নয় নম্বর বিপদ সংকেত’, ‘অনেক সাধের ময়না’, ‘পরবাসিনী’, ‘প্রিয় কমলা’, ‘শান’ ও ‘বীর’সহ বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেন।
অসংখ্য নাটক ও চলচ্চিত্রে অভিনয় করা সোহেল খানের আকস্মিক মৃত্যুতে শোকাহত তাঁর সহকর্মী ও ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের স্মৃতিচারণে উঠে আসছে অভিনেতার অভিনয়, ব্যক্তিত্ব ও একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা।