![]()


স্টাফ রিপোর্টার ::
সিলেট মহানগরের কোতোয়ালি থানাধীন রায়নগর আবাসিক এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও তাদের গৃহকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) সকালে রায়নগরের মিতালী ১১১ নম্বর বাসা থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন রায়নগর রাজবাড়ী এলাকার বাসিন্দা মৃত আবরু মিয়ার ছেলে এমএ সাত্তার (৮২), তাঁর স্ত্রী সুরাইয়া বেগম (৭২) এবং একই বাসার গৃহকর্মী জল্লারপাড় এলাকার তাহমিনা (১৫)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপকমিশনার মো. মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাসার ভেতর থেকে তিনটি মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাদের গলা কেটে হত্যা করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ওই বাসার দরজা বন্ধ অবস্থায় দেখতে পান স্থানীয়রা। দরজার নিচ দিয়ে রক্ত বের হতে দেখে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা খুলে তিনজনের মরদেহ দেখতে পায়।
সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম জানান, প্রাথমিকভাবে জানা গেছে, সকালে বাসার ভাড়াটিয়ারা চিৎকার-চেঁচামেচির শব্দ শুনেছেন। ঘটনাটি সকালে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থলের দোতলা পর্যবেক্ষণ করছে। পিবিআই ও সিআইডির ক্রাইমসিন টিমও ঘটনাস্থলে এসেছে।
তিনি আরও জানান, ঘটনার তদন্তে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। তদন্তের পর হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।
বুধবার দুপুর ১২টা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধারের পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছিল।