সর্বশেষ আপডেট : ৪৭ মিনিট ১৬ সেকেন্ড আগে
বুধবার, ১২ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

নদীর উপর কাঠের সেতু পরিদর্শনে গিয়ে ভেঙে নিচে পড়লেন জামায়াত নেতাকর্মীরা

ডেইলি সিলেট ডেস্ক ::

নীলফামারীর ডিমলা উপজেলায় একটি ঝুঁকিপূর্ণ কাঠের সেতু পরিদর্শনে গিয়ে দুর্ঘটনার মুখে পড়েছেন জামায়াতে ইসলামীর নেতারা। এ সময় সেতুর একটি অংশের পাটাতন ভেঙে নিচে পড়ে যান তারা। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার। তার সঙ্গে থাকা তিন নেতাকর্মী আহত হয়েছেন।

বুধবার (১২ আগস্ট) বেলা ১১টার দিকে ডিমলা সদর ইউনিয়ন এবং নাউতারা ইউনিয়নের সীমানা সংলগ্ন উপজেলার নটাবাড়ী গ্রামের নাউতারা নদীর কাঠের সেতুতে এ দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
স্থানীয়রা জানান, নটাবাড়ী গ্রামের সঙ্গে নাউতারা ইউনিয়ন ও ডিমলা সদর ইউনিয়নের সংযোগকারী কাঠের সেতুটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল। স্থানীয় বাসিন্দাদের দাবির মুখে বুধবার সেতুটি পরিদর্শনে আসেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার। এ সময় দলের উপজেলা আমিরসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও গ্রামবাসী তার সঙ্গে ছিলেন।

পরিদর্শনের একপর্যায়ে অতিরিক্ত মানুষের চাপে সেতুটির একটি অংশ হঠাৎ ভেঙে পড়ে। এতে কয়েকজন নেতা-কর্মী ভারসাম্য হারিয়ে নদীর পাড়ে পড়ে যান। তবে স্থানীয় ও উপস্থিত সফরসঙ্গীদের দ্রুত তৎপরতায় সংসদ সদস্য নিরাপদে সরে যেতে সক্ষম হন। দুর্ঘটনায় কয়েকজন সাময়িক আঘাত পেলেও গুরুতর কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর ইসলাম বলেন, সংসদ সদস্য সাহেব আমাদের এলাকার কাঠের সেতুটি পরিদর্শনের জন্য আসেন। উপরে উঠার পর লোকজন বেশি হাওয়ায় হঠাৎ করে সেতুটি ভেঙে তার সঙ্গে থাকা কয়েকজন নিচে পড়ে যান।

আরেক প্রত্যক্ষদর্শী আজিমুল ইসলাম বলেন, এই সেতুটির ওপর দিয়ে শতশত স্থানীয় বাসিন্দা, স্কুল-কলেজের শিক্ষার্থী পারাপার হয়। আজকে সংসদ সদস্য পরিদর্শনে এসে নিজে দুর্ঘটনার সম্মুখীন হলেন। দ্রুত এখানে একটি পাকা সেতু তৈরির দাবি জানাই।

নাউতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মোর্শেদ বলেন, সেতুটি স্থানীয়রা নিজের অর্থায়নে তৈরি করেছেন।

ডিমলা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মজিবুর রহমান বলেন, পুরনো ও জরাজীর্ণ সেতু হওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে সংসদ সদস্য সম্পূর্ণ সুস্থ ও নিরাপদে আছেন। সেখানে পড়ে গিয়ে কয়েকজনের জামা-কাপড় ছিঁড়ে গেছে এবং তিনজন আহত হয়েছেন।

এ বিষয়ে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন, এলাকাবাসী নিজের অর্থায়নে একটি কাঠের সেতু তৈরি করেছে। আমি এবং আমার সঙ্গে নেতাকর্মীরা মিলে সেটি পরিদর্শন করতে গিয়েছিলাম। সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় আমরা উঠার পরে সেটির পিছন অংশ ভেঙে পড়ে। আজকের এই ঘটনার মধ্য দিয়েই স্পষ্ট হলো গ্রামের মানুষ কত কষ্টে যাতায়াত করছেন। সেখানে সরকারি অর্থায়নে নটাবাড়ী-নাউতারা নদীর ওপর দ্রুত একটি পাকা ব্রিজ নির্মাণ ও কাঁচা রাস্তা পাকাকরণে অগ্রাধিকার ভিত্তিতে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত উদ্যোগ নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: