সর্বশেষ আপডেট : ৫০ মিনিট ১৪ সেকেন্ড আগে
শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৮ জন নিহত

স্টাফ রিপোর্টার ::

সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। নিহতদের সবাই ইউনিক পরিবহনের যাত্রী বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে ওসমানীনগর উপজেলার দয়ামীর (কাশিকাপন) এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা থেকে সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচ এবং সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৭ জন নিহত হন।

দুর্ঘটনার পর গুরুতর আহত ৩ বছর বয়সী এক শিশুকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮ জনে।

ওসমানীনগর থানার তদন্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) জয়নাল আবেদিন জানান, দুর্ঘটনায় নিহতদের সবাই ইউনিক পরিবহনের যাত্রী। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফাও দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ, ওসমানীনগর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। নিহতদের মরদেহ উদ্ধার করে শেরপুর হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচণ্ড শব্দে সংঘর্ষের পর মুহূর্তেই ইউনিক পরিবহনের বাসটি সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়। স্থানীয় লোকজন উদ্ধারকর্মীদের সঙ্গে মিলে আহতদের বাস থেকে বের করে হাসপাতালে পাঠান।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও উদ্ধার কার্যক্রম শেষে বর্তমানে ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে হাইওয়ে পুলিশ। নিহতদের পরিচয় শনাক্তের কাজও চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: