সর্বশেষ আপডেট : ২৮ মিনিট ১৭ সেকেন্ড আগে
বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণে জাতীয় ঐক্য সুসংহত করার বিকল্প নেই

স্টাফ রিপোর্টার :

জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়ন, গণতন্ত্রকে সুসংহত করা এবং ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্য অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেছেন বিভিন্ন রাজনৈতিক, সাংবাদিক ও পেশাজীবী নেতৃবৃন্দ। বক্তারা বলেন, গণঅভ্যুত্থানের অর্জন রক্ষা এবং শহীদদের আত্মত্যাগের মর্যাদা প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য সুসংহত করার কোনো বিকল্প নেই।

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) বিকেলে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমি মিলনায়তনে সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন আয়োজিত ‘চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

সংগঠনের আহ্বায়ক কবীর আহমদ সোহেল-এর সভাপতিত্বে এবং সদস্য সচিব ফয়সাল আমীন-এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জালালাবাদের সম্পাদক মুকতাবিস-উন-নূর।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট চিকিৎসক ও সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেটের সভাপতি অধ্যাপক ডা. শামীমুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মুকতাবিস-উন-নূর বলেন, শহীদ সাংবাদিক এটিএম তুরাবসহ দেড় হাজার মানুষের আত্মত্যাগের বিনিময়ে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের গুরুত্ব কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই। তিনি বলেন, গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে বিভক্তি ও সংঘাত সৃষ্টি করে যেন ফ্যাসিবাদী শক্তি কোনো সুযোগ নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সরকার জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জাতীয় ঐক্য আরও সুসংহত করবে বলেও তিনি আশা প্রকাশ করেন। তবে প্রশাসনে এখনো ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরদের কারণে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে উল্লেখ করে এ বিষয়ে সরকারকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।

প্রধান আলোচক অধ্যাপক ডা. শামীমুর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় কিংবা মাত্র ৩৬ দিনের আন্দোলনের ফলও নয়; এটি দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ধারাবাহিকতার ফল। তিনি বলেন, গণঅভ্যুত্থানের প্রত্যাশা ও প্রাপ্তির পূর্ণ মূল্যায়নের জন্য আরও কিছু সময় প্রয়োজন। কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থান জাতির অন্যতম শ্রেষ্ঠ অর্জন। এ অর্জন কোনোভাবেই মুছে যেতে দেওয়া হবে না। জাতীয় ঐক্য রক্ষায় জামায়াতে ইসলামী প্রয়োজনীয় সব ধরনের ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছে।

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে। তবে দীর্ঘ ১৭ বছরের অব্যবস্থা ও অনিয়ম দূর করতে সময় প্রয়োজন। তিনি শহীদ সাংবাদিক এটিএম তুরাবসহ জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করার আশ্বাস ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে কবীর আহমদ সোহেল বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিক এটিএম তুরাবসহ সব শহীদের হত্যার বিচার দ্রুত সম্পন্ন করতে হবে। একই সঙ্গে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং জুলাই সনদের বাস্তবায়ন সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি বলেন, গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে বিভক্তি ও সংঘাত জাতির অর্জনকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস প্রেসিডেন্ট ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি বদরুদ্দোজা বদর, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সেলিম আউয়াল, জাসাস সিলেট জেলা সভাপতি অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, এনডিএফ সিলেট জেলা যুগ্ম সাধারণ সম্পাদক ডা. হোসাইন আহমদ, রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সেক্রেটারি মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব) এবং জুলাই যোদ্ধা শরীফ মাহমুদ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক ও ব্যাংকার রাজু আহমদ। স্বাগত বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক কমিটির সদস্য ও দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো স্টাফ রিপোর্টার এমজেএইচ জামিল।

এছাড়া বক্তব্য দেন সাংবাদিক ও লেখক কবি মুহিত চৌধুরী, শফিক আহমদ শফি এবং জালালাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল আহমদ।

অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, পেশাজীবী প্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: