![]()


স্টাফ রিপোর্টার ::
দেশে বিদ্যমান জ্বালানি সংকটের জন্য বিগত ১৭ বছরের চরম অব্যবস্থাপনা এবং আমদানিনির্ভর জ্বালানি নীতিকে দায়ী করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি। তিনি বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং নতুন বিনিয়োগ আকৃষ্ট করতে সরকার কাজ করছে। এ জন্য দেশবাসীকে ধৈর্য ধরে সরকারকে কিছু সময় দেওয়ার আহ্বান জানান তিনি।
বুধবার (৫ আগস্ট) দুপুরে সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা, শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, “দেশে বর্তমানে যে জ্বালানি সংকট চলছে, তার মূল কারণ বিগত ১৭ বছরের অব্যবস্থাপনা এবং আমদানিকৃত গ্যাসের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা। উন্নয়ন একটি সম্মিলিত প্রয়াস। বৃহত্তর স্বার্থে সবাইকে কিছুটা সময় মানিয়ে নিতে হবে।”
তিনি আরও বলেন, “অস্থিমজ্জায় জবাবদিহি ও মানুষের প্রতি দায়বদ্ধতা ধারণ করলে দেশকে পরিবর্তন করা কঠিন কিছু নয়। আগামী দিনের বাংলাদেশ গড়তে সরকার তারুণ্যের শক্তিকে সামাজিক শক্তি হিসেবে কাজে লাগাবে।”
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ ১৪টি পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আর্থিক অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সরোয়ার মুর্শেদ শামীম, পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক এবং সিভিল সার্জন ডা. নাসির উদ্দিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।