![]()


স্টাফ রিপোর্টার ::
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি), সিলেটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শেখঘাট ক্যাম্পাসের কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য, স্কুল অব সায়েন্সের ডিন এবং এমপিএইচ বিভাগের প্রধান অধ্যাপক ডা. রনজিত কুমার দে। সভা পরিচালনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ফাতেমা রশীদ সাবা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ) অশোক রঞ্জন চৌধুরী, আইন ও বিচার বিভাগের প্রভাষক মাহমুদ উন নবী রূপক, বিবিএ বিভাগের শিক্ষার্থী ওলিদুর রহমান, সিএসই বিভাগের শিক্ষার্থী ওয়াহিদুল আউয়াল সানি, ইংরেজি বিভাগের শিক্ষার্থী শিবানী বৈদ্য এবং আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী সৈয়দ ইফতেখার আহমদ রাহাত।
বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থান কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি একটি চেতনার নাম। এই চেতনার মূল ভিত্তি হলো বৈষম্যহীন সমাজ গঠন, গণতন্ত্র ও মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং ফ্যাসিবাদের অবসানের মাধ্যমে ন্যায়ভিত্তিক ও সাম্যপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা। তারা উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলনের মধ্য দিয়ে এ চেতনার বাস্তবায়নের পথ উন্মোচিত হয়। সমাজ ও রাষ্ট্র থেকে সব ধরনের বৈষম্য দূর করে মতপ্রকাশের স্বাধীনতা, ভোটাধিকার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠাই জুলাই গণ-অভ্যুত্থানের মূল লক্ষ্য।
আলোচনা সভা শেষে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন শেখঘাট ছানা উল্লাহ জামে মসজিদের ইমাম হযরত মাওলানা ইসমাইল আহমদ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।