![]()


ওসমানীনগর সংবাদদাতা :
পর্তুগালের সেতুবালের আলমেদা এলাকায় সড়ক দুর্ঘটনায় সিলেটের ওসমানীনগর উপজেলার মো. শামসুল ইসলাম কামরান (২৫) নামে এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। তার অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (৪ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে (পর্তুগাল সময়) সেতুবালের আলমেদা এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন কামরান। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় আলমেদা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (৫ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি মারা যান।
নিহতের স্বজনরা জানান, পরিবারের আর্থিক সচ্ছলতার আশায় কয়েক বছর আগে তিনি পর্তুগালে পাড়ি জমান। দুর্ঘটনার দিনও প্রতিদিনের মতো পরিবারের সদস্যদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছিলেন। এরপরই আসে তার মৃত্যুর মর্মান্তিক সংবাদ।
তার মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা দ্রুত মরদেহ দেশে এনে দাফনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।