সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বাড়ছে পরিবহন ব্যয়, ভাড়া সমন্বয়ের দাবি মালিক-শ্রমিকদের

স্টাফ রিপোর্টার ::

জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে পরিবহন ব্যয় অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় দ্রুত যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবি জানিয়েছেন সিলেটের পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ। তারা বলছেন, বর্তমান ভাড়ায় যানবাহন চালানো আর সম্ভব হচ্ছে না।

মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) বিকেলে নগরীর কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে এক সভায় এ দাবি জানানো হয়। সভায় বাস মিনিবাস মালিক সমিতি, জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন পরিবহন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি আব্দুর রহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি হিরন মিয়া ও আবুল হাছান চৌধুরী, সাধারণ সম্পাদক শেখ এমরান হোসেন ঝুনু, যুগ্ম সম্পাদক আবেদ চৌধুরী তারেক, অর্থ সম্পাদক আব্দুল ওয়াদুদ, সহ-সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল জিতু, সদস্য শেখ আব্দুল মতিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মুহিম, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, সহ-সাধারণ সম্পাদক মাহবুব মিয়া মবু, কোষাধ্যক্ষ আব্দুস শহিদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সভায় নেতৃবৃন্দ বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির পাশাপাশি গত কয়েক বছরে যানবাহনের যন্ত্রাংশের মূল্যও অস্বাভাবিকভাবে বেড়েছে। কিন্তু সে অনুযায়ী ভাড়া সমন্বয় করা হয়নি। সাম্প্রতিক সময়ে জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধির কারণে পরিবহন ব্যয় আরও কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে।

তারা অভিযোগ করেন, কেন্দ্রীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে ভাড়া সমন্বয়ের প্রস্তাব দেওয়া হলেও এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফলে বেশি দামে জ্বালানি কিনে পুরোনো ভাড়ায় গাড়ি চালানো মালিক ও শ্রমিকদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।

নেতৃবৃন্দ সতর্ক করে বলেন, দ্রুত ভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত না এলে পরিবহন বন্ধ রাখতে বাধ্য হবেন তারা, যা জনভোগান্তি বাড়াবে।

সভা থেকে জ্বালানি তেলের মূল্য ও যন্ত্রাংশের বাজারদর বিবেচনায় দ্রুততম সময়ের মধ্যে সমন্বয়ের মাধ্যমে যৌক্তিক ভাড়া নির্ধারণে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: