![]()


স্টাফ রিপোর্টার ::
সিলেট নগরীর পাঠানঠুলা এলাকায় কার্টনের ভেতর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে পল্লবী আবাসিক এলাকার সি ব্লকের করেরপাড়া সড়কের একটি ড্রেনের ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জালালাবাদ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে রাস্তার পাশে ড্রেনের ওপর একটি কার্টন পড়ে থাকতে দেখে সন্দেহ হয় এলাকাবাসীর। পরে কার্টনটি খুলে তারা দেখতে পান, ভেতরে কালো পলিথিনে মোড়ানো একটি নবজাতকের মরদেহ রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটি মায়ের গর্ভে চার থেকে পাঁচ মাস বয়সী ছিল। তবে কী কারণে এবং কারা এই ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এসআই মো. আজহারুল ইসলাম বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে কার্টনের ভেতর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় নিশ্চিত না হলে ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।