![]()


সুনামগঞ্জ সংবাদদাতা ::
সুনামগঞ্জের দিরাই উপজেলায় পৃথক দুটি গ্রামে সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত ৪০ জন আহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার রফিনগর ইউনিয়নের ছাদিরপুর ও রফিনগর গ্রামে এ ঘটনাগুলো ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ছাদিরপুর গ্রামে ধান শুকানোর খলা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জের ধরে হামিদ মিয়া ও হুসেন মিয়ার পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে হুসেন মিয়া পক্ষের সমর্থক আহাদুল (২৫) গুরুতর আহত হন। পরে তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি ওই গ্রামের আব্দুল হামিদের ছেলে।
অন্যদিকে রফিনগর গ্রামে হাঁস ধান খাওয়া নিয়ে শফিক মিয়া ও আশরাফ মিয়ার পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, আশরাফ মিয়ার লোকজন শফিক মিয়ার আত্মীয় আবুল বশরের হাঁস চুরি করে। এ নিয়ে বুধবার সন্ধ্যায় কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। এতে শফিক মিয়ার পক্ষের গিয়াস উদ্দিন (৫৫) গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুই সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তিনি আরও বলেন, নিহতদের ময়নাতদন্তের প্রস্তুতি চলছে এবং ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।