![]()


স্টাফ রিপোর্টার :
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পর সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলায় আগাম প্রস্তুতি হিসেবে ইউরোপীয় ইউনিয়নের কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট সার্কিট হাউসে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, ধাপে ধাপে অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্যের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির উদ্যোগ নেওয়া হবে। এলডিসি-পরবর্তী সময়কে সামনে রেখে বাণিজ্যিক সক্ষমতা ধরে রাখতে সরকার কৌশলগত প্রস্তুতি নিচ্ছে।
এছাড়া আসন্ন ঈদকে সামনে রেখে শিল্প-কারখানার শ্রমিকদের বকেয়া মজুরি ও বেতন পরিশোধ নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
এক মাসে শ্রমবাজারে অগ্রগতির আশাবাদ
এসময় প্রবাসীকল্যাণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, দেশের বাইরে বন্ধ থাকা বিভিন্ন শ্রমবাজার পুনরায় চালু করতে সরকার কাজ করছে। আগামী এক মাসের মধ্যে এ বিষয়ে সুফল মিলবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি জানান, স্পেনে অভিবাসন প্রত্যাশী বাংলাদেশিদের পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্স সময়মতো পৌঁছানো নিশ্চিত করতেও পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বর্ষা সামনে রেখে নদী-খাল খননে কড়াকড়ি
পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, আগামী বর্ষা মৌসুম সামনে রেখে নদী ও খাল খনন এবং হাওর রক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কার কার্যক্রম চলছে। এ কাজে কোনো ধরনের দুর্নীতি বরদাশত করা হবে না। জিরো টলারেন্স নীতি অনুসরণ করেই কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। তিনি বলেন, দেশকে দুর্নীতিমুক্ত করা সরকারের অন্যতম কঠিন চ্যালেঞ্জ।
মতবিনিময় শেষে বাণিজ্য ও পানিসম্পদ মন্ত্রী নদীভাঙনকবলিত সুরমা ও চেঙ্গার নদী এলাকা পরিদর্শন করেন। প্রবাসীকল্যাণ মন্ত্রী নিজ নির্বাচনী এলাকায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন বলে জানানো হয়েছে।