![]()


স্টাফ রিপোর্টার ::
সিলেটে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)–এর শাহপরাণ (রহ.) থানা পুলিশের অভিযানে অবৈধ ভারতীয় চকলেট ও মেহেদিসহ দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক মূল্য ৪২ হাজার ৬০০ টাকা।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল আনুমানিক ৪টায় শাহপরাণ (রহ.) থানার এসআই (নি.) প্রণজিৎ মন্ডল সঙ্গীয় ফোর্সসহ থানাধীন দাসপাড়া এলাকায় মুসলিম হ্যান্ডস স্কুল অ্যান্ড এক্সিলেন্সের সামনে চেকপোস্ট পরিচালনা করেন। এ সময় ‘তানভীর এন্টারপ্রাইজ’ নামের একটি মিনিবাসে তল্লাশি চালিয়ে ৭১০ পিস ভারতীয় Nestle KitKat ও ৫১৮ পিস Kaveri Mehendi উদ্ধার করা হয়।
পরে যশোর জেলার বেনাপোল থানার কাকমারি গ্রামের শওকতের স্ত্রী আখি বেগম (৩০) এবং অভয়নগর থানার বুইকারা গ্রামের মৃত দুলাল ফারাজীর স্ত্রী নাসিমা বেগম (৪৫)–কে আটক করা হয়।
এ ঘটনায় শাহপরাণ (রহ.) থানায় মামলা নং–১৪, তারিখ ২৩/০২/২০২৬, ধারা ২৫বি(১)(বি)/২৫ডি, দ্য স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, ১৯৭৪ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপি’র এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম, যিনি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত।