![]()


স্টাফ রিপোর্টার ::
নতুন সরকারের ৪৯ সদস্যের মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন সিলেটের দুই প্রভাবশালী নেতা। তারা হলেন সিলেট–১ (সদর–নগর) আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির এবং সিলেট–৪ (জৈন্তাপুর–গোয়াইনঘাট–কোম্পানীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।
মঙ্গলবার বিকাল সোয়া ৪টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তারা মন্ত্রী হিসেবে শপথ নেন। বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী নিয়ে গঠিত মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন এই দুই নেতা।
সূত্র জানায়, খন্দকার আব্দুল মুক্তাদিরকে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। দেশের অর্থনীতি, রপ্তানি ও শিল্পায়নের সঙ্গে সংশ্লিষ্ট এই তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব তাঁর কাঁধে ন্যস্ত হওয়ায় জাতীয় রাজনীতিতে তাঁর অবস্থান আরও শক্ত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অন্যদিকে, সিলেট সিটি কর্পোরেশনের দুইবারের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী পেয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব। প্রবাসী অধ্যুষিত সিলেট অঞ্চলের প্রতিনিধির হাতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব যাওয়াকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করছে বিএনপি। নতুন মন্ত্রিসভায় সিলেটের এই দুই নেতার অন্তর্ভুক্তিকে অঞ্চলটির জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে। ব্যবসা-বাণিজ্য, শিল্পায়ন, কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ—জাতীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতে এখন সিলেটের দুই প্রতিনিধির সরাসরি সম্পৃক্ততা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টদের অভিমত।