![]()


সংবাদদাতা ::
সিলেটের আধ্যাত্মিক রাজধানী খ্যাত হযরত শাহজালাল (রহ.)-এর মাজার প্রাঙ্গণে দর্শনার্থী ও মুসল্লিদের জন্য আধুনিক বিশুদ্ধ পানির রিফিল ফিল্টার স্টেশন স্থাপন করা হয়েছে। নিরাপদ পানির সহজলভ্যতা নিশ্চিত করা এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বোতলের ব্যবহার কমিয়ে পরিবেশ দূষণ রোধের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়।
রোববার (১৫ ফেব্রুয়ারি) এক অনুষ্ঠানের মাধ্যমে স্টেশনটির উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুস, পিপিএম। উদ্বোধনের আগে দরগা মসজিদের ইমাম মোনাজাত পরিচালনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিডিজি প্রিন্সিপাল এম আতাউর রহমান পীর, সাসেক ইউকের কাউন্টি কাউন্সিলর হেনা চৌধুরী, জগন্নাথপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, রোটারি ক্লাব অব জালালাবাদের সেক্রেটারি মো. মিজানুর রহমান, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈনুদ্দীন আহমদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহমেদ এবং বিডি ক্লিন সিলেটের কো-অর্ডিনেটর মিজানুর রহমান আরিয়ানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় নেতা ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
পরিবেশবান্ধব এই উদ্যোগ গ্রহণ করেছেন সিলেটের প্রবাসী মজমিল হোসেন। তিনি যুক্তরাজ্যের ইস্টবোর্ন শহরে জাতিসংঘ-সংশ্লিষ্ট কার্যক্রমে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন ও বাংলাদেশ পিওর ফিল্টার ড্রিংকিং ওয়াটার মিশনের মাধ্যমে দেশে বিশুদ্ধ পানি নিশ্চিত করতে কাজ করছেন।
বক্তারা বলেন, প্রতিদিন শাহজালাল (রহ.) মাজারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ আসেন। নিরাপদ পানির অভাবে তাদের ভোগান্তি পোহাতে হতো। নতুন রিফিল স্টেশনের মাধ্যমে দর্শনার্থীরা নিজেদের বোতল রিফিল করতে পারবেন, ফলে প্লাস্টিক বোতলের ব্যবহার কমবে এবং পানিবাহিত রোগ প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখবে। এতে মাজার প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখাও সহজ হবে।
আয়োজকরা জানান, ভবিষ্যতে সিলেটের বিভিন্ন স্কুল, কলেজ, ধর্মীয় ও জনবহুল স্থানে পর্যায়ক্রমে এ ধরনের রিফিল স্টেশন স্থাপন করা হবে। এ কার্যক্রম সারাদেশে ছড়িয়ে দিতে সমাজের বিত্তবান ও সচেতন মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।