![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
সাম্প্রতিক সময়ে অভিনেত্রী সাবিলা নূরকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে, যেখানে নির্বাচনের আগে তাঁর মন্তব্য হিসেবে একটি রাজনৈতিক দলের নাম উল্লেখ করা হয়। তবে বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
আজ রোববার দুপুরে নিজের ফ্যান পেজে দেওয়া এক পোস্টে সাবিলা নূর স্পষ্ট করে জানান, তাঁর নাম ব্যবহার করে প্রচারিত ওই ফটোকার্ডের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। তিনি বলেন, ‘আমাকে জড়িয়ে একটি ভুয়া ফটোকার্ড প্রচার করা হয়েছে। স্পষ্টভাবে জানাতে চাই, যদি কখনো আমি কোনো বিষয়ে বক্তব্য দিই, তা কেবলমাত্র দেশের মূলধারার গণমাধ্যমের মাধ্যমেই প্রকাশিত হবে।’
একই সঙ্গে এআই প্রযুক্তির অপব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সাবিলা নূর। তিনি জানান, সাম্প্রতিক সময়ে এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর ছবি ও ভিডিওর কারণে তাঁর মতো অনেক শিল্পীই অপ্রত্যাশিত ও বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। সাবিলার ভাষায়, ‘হয়তো অনেকে ভালোবাসা বা আবেগ থেকে এসব তৈরি করে থাকেন, কিন্তু সেগুলো বিভ্রান্তি সৃষ্টি করে এবং ভুল বার্তা ছড়িয়ে দেয়, যা একেবারেই কাম্য নয়।’
দর্শকদের সচেতন থাকার আহ্বান জানিয়ে সাবিলা আরও বলেন, ‘আমার দর্শকেরা সব সময় সচেতন ছিলেন। আশা করছি, ভবিষ্যতেও তাঁরা এসব ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সচেতন থাকবেন। অনুগ্রহ করে এমন তথ্য থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি।’
কাজের দিক থেকে সাবিলা নূর সম্প্রতি শেষ করেছেন তানিম নূর পরিচালিত চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’–এর শুটিং, যেখানে তাঁর সহশিল্পী শরীফুল রাজ। এ ছাড়া শাকিব খানের সঙ্গে নতুন আরেকটি ছবিতে অভিনয়ের কথা রয়েছে তাঁর। আবু হায়াৎ মাহমুদ পরিচালিত ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ নামের সেই ছবির শুটিং এখন চলছে। এটি শাকিব খানের বিপরীতে সাবিলা নূরের দ্বিতীয় চলচ্চিত্র। শাকিব খানের বিপরীতে সাবিলা নূরকে প্রথম দেখা যায় ‘তাণ্ডব’ ছবিতে। রায়হান রাফী পরিচালিত এই ছবি গত বছরের পবিত্র ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়।