সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেট প্রেসক্লাবে এনআরবি হেল্প ডেস্ক স্থাপনে আশ্বাস, এলবিপিসি’র সঙ্গে টুইনিং লিংকের প্রস্তাব

স্টাফ রিপোর্টার ::

সিলেট প্রেসক্লাবে এনআরবি (নন রেসিডেন্ট বাংলাদেশি) হেল্প ডেস্ক স্থাপন এবং প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে দেশমুখী করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রবাসী নেতৃবৃন্দ। একই সঙ্গে সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত করতে সিলেট প্রেসক্লাব ও লন্ডন বাংলা প্রেসক্লাব-এর মধ্যে টুইনিং লিংক স্থাপনের ওপর জোর দেন তারা।

শনিবার সিলেট প্রেসক্লাবের আমিনূর রশীদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব মতামত তুলে ধরা হয়। সিলেট প্রেসক্লাবে এনআরবি হেল্প ডেস্ক স্থাপন এবং প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের সফল ও শীর্ষ মেধাবীদের সঙ্গে সংযোগ স্থাপনের লক্ষ্যেই প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস উন নূরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত সভাটি প্রবাসীদের মিলনমেলায় পরিণত হয়। এতে সূচনা বক্তব্য দেন দৈনিক সিলেটের ডাক-এর অতিথি সম্পাদক ও লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাসন।

সম্মানিত অতিথির বক্তব্যে বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন-এর সাবেক সভাপতি পাশা খন্দকার এমবিই বলেন, যুক্তরাজ্যে বাংলাদেশি বিশেষ করে সিলেটি অভিবাসীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবচেয়ে বড় অর্জন হিসেবে তিনি ধর্মীয় মূল্যবোধ ধরে রাখতে পারার কথা উল্লেখ করেন। সিলেট প্রেসক্লাবে এনআরবি হেল্প ডেস্ক স্থাপনের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি প্রয়োজনে এলবিপিসি’র সহযোগিতা নেওয়ার পরামর্শ দেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে গবেষণা সেল গঠনের প্রস্তাবও দেন তিনি।

লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মহিব চৌধুরী বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে সম্মান ও ভালোবাসা দিয়ে দেশের প্রতি আকৃষ্ট করতে হবে। তিনি সিলেটে একটি উন্নতমানের ব্রিটিশ স্ট্যান্ডার্ড স্কুল স্থাপনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বলেন, বিদেশ থেকে কেউ দেশে এসে যেন হতাশ হয়ে ফিরে না যায়, সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

যুক্তরাজ্যের ব্রেন্ট কাউন্সিলের কাউন্সিলর পারভেজ আহমদ বলেন, সব ক্ষেত্রেই যেমন সমস্যা রয়েছে, তেমনি সমাধানও আছে। মিডিয়ায় অতিরিক্ত নেতিবাচক সংবাদ প্রচারের কারণে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্ম দেশবিমুখ হচ্ছে উল্লেখ করে তিনি এই ধারা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান। নতুন প্রজন্মকে দেশমুখী করার উদ্যোগকে তিনি স্বাগত জানান।

গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন-এর সভাপতি মো. মুহিবুর রহমান বলেন, বিশ্বের ৪০টি দেশে তাদের সংগঠনের শাখা রয়েছে। প্রবাসীদের সমস্যা বিশ্বব্যাপী উল্লেখ করে তিনি বলেন, সিলেট প্রেসক্লাবে হেল্প ডেস্ক স্থাপন করা হলে তারা সেই সুযোগ কার্যকরভাবে কাজে লাগাবেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক সাংবাদিক মিজানুর রহমান মিজান, সিলেট সদর ট্রাস্টের সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম, জিএসসি’র সাবেক সহ-সভাপতি ইছবাহ উদ্দিন, জগন্নাথপুর বৃটিশ-বাংলা এডুকেশন ট্রাস্টের সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, ম্যাক আলী হোটেল গ্রুপের চেয়ারম্যান মোবারক আলী, জেএমজি কার্গো লিমিটেডের মো. মনির আহমদ, পলাশ ট্রাস্টের চেয়ারম্যান শেখ ফারুক আহমদসহ আরও অনেকে।

সিলেট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নান, কোষাধ্যক্ষ ফয়সাল আমীন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শেখ আশরাফুল আলম নাসির, কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ আমজাদ হোসাইন ও আব্দুল আউয়াল চৌধুরী শিপার প্রমুখ।

সভাপতির বক্তব্যে মুকতাবিস উন নূর বলেন, নতুন কমিটি সিলেট প্রেসক্লাবে একটি এনআরবি হেল্প ডেস্ক স্থাপন এবং নতুন প্রজন্মকে বাংলাদেশমুখী করতে কয়েকটি কর্মসূচি গ্রহণে আগ্রহী। সবার সমর্থন ও সহযোগিতা পেলে এই উদ্যোগ আরও গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি তিনি সিলেটের শিক্ষার্থীদের বিজ্ঞান, গণিত ও ইংরেজিতে দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য প্রবাসীদের সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: