![]()


সিলেটের রাজনীতিতে পরিবর্তনের আওয়াজ আরও জোরালো হচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর এবং সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান। তিনি বলেন, দেশ থেকে চাঁদাবাজি ও দুর্নীতি দূর করতে মানুষ আজ ঐক্যবদ্ধ। সমাজ পরিবর্তনে সৎ, যোগ্য ও খোদাভীরু নেতৃত্বের বিকল্প নেই—এ সত্য সাধারণ মানুষ বুঝে গেছে।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে সিলেট নগরীর মেন্দিবাগ ও আশপাশের এলাকায় ব্যাপক গণসংযোগকালে এসব কথা বলেন তিনি। গণসংযোগে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মিছিল, পথসভা ও বাড়ি বাড়ি প্রচারণায় কৃষক-শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দাঁড়িপাল্লার পক্ষে মাঠে নামেন।
মাওলানা হাবিবুর রহমান বলেন, রাষ্ট্রের সব স্তরে জবাবদিহিতা নিশ্চিত করা এবং ইনসাফভিত্তিক সমাজ গড়তে জামায়াত ও ১১ দলীয় জোট প্রতিটি আসনে সৎ ও যোগ্য প্রার্থী দিয়েছে। জনগণও বলছে—“সবাইকে দেখেছি, এবার নতুন মুখ চাই।” সর্বত্র একই সুর—“সব দেখেছি বারবার, দাঁড়িপাল্লা এইবার।”
তিনি আরও বলেন, ১১ দলীয় জোটের পক্ষে সারাদেশে যে গণজোয়ার শুরু হয়েছে, ইনশাআল্লাহ সেই জোয়ারেই চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের পরাজয় হবে। ভোটের মূল্য অনেক বেশি উল্লেখ করে তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান এবং গণভোটে ‘হ্যাঁ’ ও প্রতীক হিসেবে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গঠনে এগিয়ে আসার অনুরোধ করেন।
এর আগে সকালে তিনি সিলেট নগরীর জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে গণসংযোগ করেন।
পৃথক গণসংযোগে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী, থানা আমীর মু. শাহেদ আলী, সেক্রেটারি নজরুল ইসলাম, থানা নায়েবে আমীর আব্দুর রব, সহকারী সেক্রেটারি ও সাবেক কাউন্সিলর সোহেল আহমদ রিপন, মাওলানা আহমদ হোসাইন, অ্যাডভোকেট আব্দুল আহাদ সিদ্দিকীসহ বিভিন্ন ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।-বিজ্ঞপ্তি