![]()


স্টাফ রিপোর্টার ::
সিলেটের সীমান্তবর্তী এলাকায় প্রাকৃতিক সম্পদ ও পর্যটন সম্ভাবনাময় স্থানগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন এবং মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (২৬ আগস্ট) জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো. সারওরাব আলম স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা জারি করা হয়।
আদেশে বলা হয়েছে, সম্প্রতি সিলেট জেলার সীমান্তবর্তী উপজেলাগুলোর প্রাকৃতিক সম্পদ ও পর্যটনসম্ভাবনাময় এলাকায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন, লুপ ও গাদা করার অভিযোগ পাওয়া গেছে। এসব কর্মকাণ্ডের ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি পর্যটন এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, সিলেট জেলায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে এ আদেশকে সরকারি আদেশ হিসেবে গণ্য করতে বলা হয়েছে।
উল্লেখ্য, সিলেটের সীমান্তবর্তী জাফলং, ভোলাগঞ্জসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের অভিযোগ রয়েছে। পরিবেশবাদী সংগঠনগুলো এর বিরূপ প্রভাব নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করলেও এবার জেলা প্রশাসনের কঠোর নির্দেশনায় বিষয়টি নতুন করে গুরুত্ব পেয়েছে।