![]()


স্টাফ রিপোর্টার ::
সিলেটের সাদাপাথর চুরি ও লুটপাটের ঘটনায় জড়িত ৫০ জনের প্রাথমিক সংশ্লিষ্টতার অভিযোগে তদন্তে নেমেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার (২৬ আগস্ট) সিআইডির ঢাকা কার্যালয়ের পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেটের সাদাপাথর লুটপাটের ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন গোয়েন্দা তথ্য, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত খবরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট তদন্ত শুরু করেছে। মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ অনুযায়ী এ অনুসন্ধান কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ ঘটনায় প্রায় ৫০ জন ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিআইডি আনুষ্ঠানিক তদন্তে নামে।
অন্যদিকে, লুট হওয়া বিপুল পরিমাণ সাদাপাথর উদ্ধারে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলম জানান, এখন পর্যন্ত প্রায় ২৬ লাখ ঘনফুট পাথর উদ্ধার হয়েছে, যার মধ্যে ১১ লাখ ঘনফুট প্রতিস্থাপনও করা হয়েছে। এ কাজে প্রতিদিন অন্তত ৫০০ শ্রমিক, ৪০০ নৌকা ও ৩০০ ট্রাক নিয়োজিত রয়েছে।
জেলা প্রশাসকের মতে, উদ্ধার হওয়া পাথর সম্পূর্ণ প্রতিস্থাপনে আরও অন্তত এক সপ্তাহ সময় লাগতে পারে।