![]()


বিশ্ববিদ্যালয় সংবাদদাতা ::
৯ম গ্রেডে বিএসসি ডিগ্রি বাধ্যতামূলক করে প্রকৌশলী নিয়োগসহ তিন দফা দাবিতে বিক্ষোভ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে ‘প্রকৌশলী অধিকার আন্দোলন’-এর ব্যানারে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে সমাবেশ করে তারা।
সমাবেশ শেষে শিক্ষার্থীরা মিছিল নিয়ে প্রধান ফটক অতিক্রম করে সিলেট-সুনামগঞ্জ সড়কের পাশে অবস্থান নেয় এবং প্রতীকীভাবে কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র কার্যালয় ঘেরাও করে। এ সময় বিদ্যুৎকেন্দ্রের প্রকৌশলীরা আন্দোলনকারীদের দাবির প্রতি সমর্থন জানান।
আন্দোলনে সংহতি প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সরওয়ারউদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ইসমাঈল হোসেন। এছাড়া পুর ও পরিবেশ প্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ শাহিদুর রহমান, অধ্যাপক জহির বিন আলম, শিল্প ও উৎপাদন প্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক মো. মাহামুদ হাসান, যন্ত্রকৌশল বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক নুরুজ্জামান সাকিবসহ প্রকৌশল সম্পর্কিত বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অধ্যাপক ড. মোহাম্মদ শাহিদুর রহমান বলেন, প্রকৌশল খাতে দীর্ঘদিন ধরে কাঠামোগত বৈষম্য চলছে। ১০ম গ্রেডে শতভাগ কোটা ডিপ্লোমাধারীদের জন্য বরাদ্দ এবং ৯ম গ্রেডে প্রমোশন কোটার মাধ্যমে অধিকাংশ পদ পূরণ হওয়ায় বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য এন্ট্রি লেভেল পদ ক্রমেই কমে যাচ্ছে। এর ফলে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পরও তা বাতিল করে পদোন্নতির মাধ্যমে পদ পূরণ করা হচ্ছে, যা কর্মসংস্থানের সমতা ও পেশাগত মান—উভয়ের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—
১. ৯ম গ্রেড বা সহকারী প্রকৌশলী পদে বিএসসি ডিগ্রি বাধ্যতামূলক এবং মেধাভিত্তিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ।
২. কোটায় বা সমমান পদ তৈরি করে পদোন্নতি নয়।
৩. ১০ম গ্রেড বা উপ-সহকারী প্রকৌশলী পদে নিয়োগে বিএসসি ও ডিপ্লোমাধারীদের সমান সুযোগ এবং বিএসসি ডিগ্রি ছাড়া ‘প্রকৌশলী’ পদবি ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা।