![]()


গোলাপগঞ্জ সংবাদদাতা ::
সিলেটের গোলাপগঞ্জে রনি হোসাইন (৩০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার (৯ আগস্ট) রাত ১২টার দিকে পৌরসভার কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ব্যক্তিগত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রাজুর নাম উঠে এসেছে। এলাকাবাসীর দাবি, রাজুর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট দেওয়ার জেরেই এই হামলা হয়।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা জানান, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নারীঘটিত বিষয় নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটতে পারে। হামলাকারীদের ধরতে অভিযান চলছে।
এদিকে, নিহত রনিকে নিয়ে স্থানীয়রা দাবি করলেও পুলিশ এখনো তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত করতে পারেনি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সিলেট নগরের কিনব্রিজ এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ডালিম নামে এক যুবক নিহত হন।