![]()


স্টাফ রিপোর্টার ::
সিলেট নগরীর ক্বীন ব্রিজ সংলগ্ন আলী আমজদের ঘড়িঘর এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ডালিম (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন। নিহত ডালিম ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মেরেঙ্গা গ্রামের লোকমান মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ক্বীন ব্রিজের পাশে কয়েকজন যুবক ডালিমকে ছুরিকাঘাত করে। মৃত্যু নিশ্চিত করতে তার পায়ের রগও কেটে দেয় তারা। ধারালো অস্ত্র থাকায় আশপাশের কেউ এগিয়ে যেতে সাহস পাননি। হামলার পর নির্বিঘ্নে ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, এটি ছিনতাই সংক্রান্ত ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এদিকে, কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) সামছুল হাবিব জানান, নিহত ডালিমও চিহ্নিত ছিনতাইকারী এবং পূর্বে কারাভোগ করেছেন। ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীদের অভ্যন্তরীণ বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।