![]()


ডেইলি সিলেট ডেস্ক:
রেলপথ উন্নয়ন ও বাজেট সহায়তার জন্য বাংলাদেশকে প্রায় ১.০৬৩ বিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ হাজার কোটি টাকা) দেবে জাপান। শুক্রবার (৩০ মে) টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এ ঘোষণা দেওয়া হয়।
বৈঠকে অংশ নেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। বৈঠক শেষে উভয় দেশের পক্ষ থেকে একটি যৌথ ঘোষণা দেওয়া হয়।
ঘোষণা অনুযায়ী, জাপান সরকার বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু স্থিতিশীলতার জন্য ৪১৮ মিলিয়ন ডলার উন্নয়ন নীতি ঋণ দেবে। পাশাপাশি জয়দেবপুর-ঈশ্বরদী ডুয়েল-গেজ ডাবল রেলপথে উন্নয়নের জন্য ৬৪১ মিলিয়ন ডলার এবং বৃত্তি ও অন্যান্য খাতে অনুদান হিসেবে ৪.২ মিলিয়ন ডলার ঋণ দেওয়া হবে।
বৈঠকের আগে ড. ইউনূস জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
দ্বিপক্ষীয় চুক্তি ছাড়াও উভয় দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতা জোরদার এবং ভবিষ্যতে পারস্পরিক সম্পর্ক আরও উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন দুই নেতা।
প্রসঙ্গত, গত ২৮ মে চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান যান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।