![]()


স্টাফ রিপোর্টার :
গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার এবং দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার (৩০ এপ্রিল) বিকেলে সিলেট মহানগরের রিকাবীবাজার থেকে এনসিপির সিলেট শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের হয়ে মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়। সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, “গণহত্যাকারী পলাতক আওয়ামী লীগ আবারও রাজনীতিতে ফিরে আসার চেষ্টা করছে। কিন্তু দেশের জনগণ তাদের সে সুযোগ আর দেবে না। নির্বাচনের আগে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার ও সংস্কারের প্রশ্নে কোনো আপস হবে না।”
তারা আরও অভিযোগ করেন, “সিলেটের বিভিন্ন প্রশাসনিক জায়গায় এখনও আওয়ামী লীগের দোসরদের দেখা যাচ্ছে। তারা সংগঠিত হওয়ার চেষ্টা করছে, যা কখনোই বরদাশত করা হবে না। রাজপথ এখন জাতীয় নাগরিক পার্টির দখলে।”
নেতাকর্মীরা জানান, আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধ ঘোষণা না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না এবং ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাবেন।