![]()


স্টাফ রিপোর্টার ::
হবিগঞ্জের মাধবপুরে মাদক বিরোধী অভিযানে ৬৯ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়।
গত ১ মার্চ ২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ১০টায় র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানাধীন জগদীশপুর ইউনিয়নের শ্যামপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযানে ৬৯ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—হবিগঞ্জের মাধবপুর উপজেলার উত্তর বেজুড়া গ্রামের মৃত সায়েদ আলীর পুত্র মোঃ সিফাত আলী (৪২), সুলতানপুর গ্রামের পিতা- মৃত মিয়াব আলীর পুত্র মোঃ আনোয়ার মিয়া (৩২) এবং মুরাদপুর গ্রামের রবিউল মিয়া’র পুত্র মোঃ আলমগীর মিয়া (২৫)।
র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ সময় জব্দকৃত আলামতও পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
র্যাব-৯ এর কর্মকর্তারা জানিয়েছেন, মাদক নির্মূলে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে এবং যেকোনো মাদক ব্যবসায়ী ও পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।