![]()


স্টাফ রিপোর্টার :
সিলেট ও হবিগঞ্জে পৃথক বজ্রপাতের ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছেন। বুধবার সকালে সিলেটের গোয়াইনঘাটে মো. জসিম উদ্দিন (১৬) ও দুপুরে হবিগঞ্জের সদরে নুর ইসালাম (৫০) বজ্রপাতে নিহত হন। এ ঘটনায় একজন আহত হয়েছেন।
এর মধ্যে গোয়াইনঘাটে বজ্রপাতে নিহত জসিম বন্যার পানিতে তলিয়ে গেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি নিখোঁজ রয়েছেন। একই ঘটনায় তার ভাই আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাওরে মাছ ধরার সময় দুই ভাই মো. জসিম উদ্দিন ও আহত আব্দুল হাসিম বজ্রপাতের শিকার হন। তখন জসিম উদ্দিন বন্যার পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। স্থানীয়রা আব্দুল হাসিমকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তারা গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের চালিতাবাড়ি গ্রামের মনফর আলীর পুত্র।
অপরদিকে হবিগঞ্জ সদর উপজেলার গুঙ্গিয়াজুরি হাওরে মাছ ধরতে গিয়ে নুর ইসালাম নামে এক ব্যক্তির বজ্রপাতে মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার গুঙ্গিয়াজুরি এ বজ্রপাতের ঘটনা ঘটে। নুর ইসলাম সদর উপজেলার শরিফপুর গ্রামের মৃত নিম্বর আলীর পুত্র।