সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
রবিবার, ১ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সাবেক মেয়র কামরানের ওপর বোমা হামলার মামলা থেকে ৭০ বিএনপি নেতাকর্মী খালাস

সিলেটের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম বদরউদ্দিন আহমদ কামরানের ওপর বোমা হামলার অভিযোগে দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলা থেকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ৭০ নেতাকর্মীকে খালাস দিয়েছেন আদালত। এর মধ্য দিয়ে দীর্ঘ ১১ বছর পর এ ঘটনায় দায়ের করা দুই মামলার বিচারিক কার্যক্রমের সমাপ্তি হলো।

রোববার (১ নভেম্বর) সিলেটের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক প্রশান্ত কুমার বিশ্বাস বিস্ফোরক দ্রব্য আইনের ৩৬/১৫ নম্বর মামলায় এ রায় ঘোষণা করেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মির্জা মো. ইয়াকুত হোসেন।

এর আগে একই ঘটনায় দায়ের করা মামলার দণ্ডবিধির ধারায় করা অংশে ২০২৪ সালের ১৯ ডিসেম্বর সব আসামিকে খালাস দেন সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আবদুল মোমেন। সর্বশেষ বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় রায়ের মধ্য দিয়ে এ ঘটনায় দায়ের করা দুই মামলার সব আসামিই খালাস পেলেন।

রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আফছর খান, মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি এমদাদুল হক স্বপন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফারুক আহমদ, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল করিম সাচ্চু, কবির আহমদ, জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মানিক মিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা আকমল খান, জুনেদ আহমদ ও মুমিন আহমদ প্রমুখ।

খালাস পাওয়া উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন, মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লোকমান, সাবেক সহসভাপতি চৌধুরী মো. সুহেল, বিমানবন্দর থানা বিএনপির সদস্যসচিব সৈয়দ সরওয়ার রেজা, সিলেট জেলা ছাত্রদলের সহসভাপতি শিহাব খান ও আব্দুল হাফিজ রানা।

মামলার প্রেক্ষাপট

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১ জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে সিলেট মহানগরের পাঠানটুলা এলাকায় মিছিল বের করেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। ওই মিছিল থেকে বদরউদ্দিন আহমদ কামরানের ওপর বোমা হামলার অভিযোগ এনে পুলিশ মামলা দায়ের করে।

জালালাবাদ থানা-পুলিশের দায়ের করা মামলাটির অভিযোগপত্র দণ্ডবিধি ও বিস্ফোরক দ্রব্য আইনে পৃথকভাবে দেওয়া হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে দুই মামলাতেই সব আসামি খালাস পেলেন।

উল্লেখ্য, ২০২০ সালের ১৪ জুন দিবাগত রাতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: