![]()


স্টাফ রিপোর্টার ::
সিলেটের দক্ষিণ সুরমায় পুলিশের অভিযানে ৪৯০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ একটি নম্বরপ্লেটবিহীন ডাম্প ট্রাক আটক করা হয়েছে। এ ঘটনায় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মিডিয়া সেল থেকে রোববার (১ নভেম্বর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩১ অক্টোবর শনিবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই মামুনুর রশিদ মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল চকের বাজার এলাকায় সোহেল অটো রাইস মিলের সামনে চণ্ডীপুল-জালালপুর সড়কে অভিযান চালায়। এ সময় নম্বরপ্লেটবিহীন বালুভর্তি একটি ডাম্প ট্রাকের বালুর ভেতর থেকে ৪৯০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কোম্পানীগঞ্জ উপজেলার রাজাপুর গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে মো. নজরুল ইসলাম (৩৪) এবং সিলেট এয়ারপোর্ট থানার ছালিয়া পশ্চিমপাড়া, রঙ্গিন টিলা এলাকার আসলাম আলীর ছেলে মাহবুব আলম (২১)।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।